সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’, বিল আসছে!

রাজ্যের নাম বদল নিয়ে বড় ইঙ্গিত দিলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে জানালেন, সব ভাষাতেই রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে বদলে হতে চলেছে ‘পশ্চিম বঙ্গ’। তাঁর দাবি, রাজ্যের নামের সঙ্গে বাংলার ইতিহাস ও পরিচয়কে অটুট রাখতেই এই সিদ্ধান্ত।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শমীক বলেন, ‘‘আর কত বার বলব ভাই? নাম হবে ‘পশ্চিম বঙ্গ’।’’ এর আগে সোমবারও তিনি জানিয়েছিলেন, ‘পশ্চিম বাংলা’, ‘বাংলা’ বা ‘বঙ্গ’—এই ধরনের নাম আর ব্যবহার করা হবে না। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে ‘পশ্চিম বঙ্গ’ নাম চালু হতে চলেছে বলেও দাবি করেছিলেন তিনি।

বিজেপি সভাপতি জানান, রাজ্যের বিধানসভার প্রথম অধিবেশনেই নাম পরিবর্তনের জন্য বিল আনার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, রাজ্যের নামের সঙ্গে তার ইতিহাসের সরাসরি যোগ থাকা প্রয়োজন। সেই লক্ষ্যেই ‘পশ্চিম বঙ্গ’ নাম করার উদ্যোগ বলে জানান তিনি।

রাজ্যের নাম বদলের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের শীর্ষে ২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁর বক্তব্যেরও প্রশংসা করেন শমীক। তাঁর দাবি, দেশজুড়ে বিজেপি কর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। মোদী নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে দেশসেবার বার্তা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। বক্তৃতায় স্বামী বিবেকানন্দ ও ঋষি অরবিন্দের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী যে দূরদর্শী বার্তা দিয়েছেন, তা দলের গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের কাছেও পৌঁছবে বলে দাবি শমীকের।

রাহুল গান্ধী মোদীর জনপ্রিয়তায় ভয় পাচ্ছেন কি না, সেই প্রশ্নও উড়িয়ে দেন শমীক। তাঁর কটাক্ষ, ‘‘রাহুল গান্ধী ছোট শিশু নন যে ভূত দেখে ভয় পাবেন।’’ বিরোধীদের হাতে এই মুহূর্তে কোনও কার্যকর রাজনৈতিক ইস্যু নেই বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, অপ্রাসঙ্গিক বিষয়কে ইস্যু করে দীর্ঘ দিন রাজনীতি করা যায় না।

অসমে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেছেন শমীক। তাঁর দাবি, দেশজুড়ে শিক্ষার ক্ষেত্রে অভিন্ন মান থাকা উচিত। সংখ্যালঘু পরিবারের পড়ুয়ারাও বিজ্ঞান, অঙ্ক-সহ মূলধারার শিক্ষার সমান সুযোগ পাক—নতুন শিক্ষানীতির লক্ষ্য সেটিই বলে মন্তব্য করেন তিনি।