শ্রীমদ ভগবত গীতায় আমাদের সাত্ত্বিক, রাজসিক, তামসিক আহারের কথা বলা হয়েছে।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজোর উদ্যোক্তারা ক’টা দিন একটু আনন্দ, উৎসব করবেন কিন্তু অন্ত:সাধনা থাকা দরকার। একটু সংযম থাকা দরকার। পাশাপাশি দুর্গাপুজোয় মাছ, মাংস নিয়ে এতো লড়াই করার কিছু নেই। শ্রীমদ ভগবত গীতায় আমাদের সাত্ত্বিক, রাজসিক, তামসিক আহারের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে হকি গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন কার্তিক মহারাজ। রাজ্যে পুজো কমিটিগুলির মধ্যে সমম্বয়ের জন্য তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমম্বয় সমিতি। বুধবার সেই সমম্বয় সমিতির চেয়ারম্যান হিসেবে কার্তিক মহারাজের নাম ঘোষণা করেছে রাজ্য সরকার। এর পরই বৃহস্পতিবার হাওড়ায় এসে কার্তিক মহারাজ দুর্গাপুজো নিয়ে বলতে গিয়ে পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে একথাগুলি বললেন।
তাঁকে সমম্বয় সমিতির চেয়ারম্যান করার জন্য কার্তিক মহারাজ বলেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকারকে অশেষ ধন্যবাদ দুর্গাপুজো কমিটিতে এক জন নিরপেক্ষ সন্ন্যাসীকে রেখেছেন। আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ।’’ এই প্রসঙ্গে বলতে গিয়েই কার্তিক মহারাজ বলেন, ‘‘ দুর্গাপুজোয় সনাতন হিন্দু ধর্মের সমস্ত দিক আমরা পাবো। এর মধ্যে দিয়ে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব আমরা খুঁজে পাবো। শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি নিয়ে মায়ের অন্তর্নিহিত আরাধনা হওয়ার দরকার আছে। তার জন্য আমি সেদিনও আবেদন করেছিলাম। নিশ্চয় আনন্দ থাকবে, উৎসব থাকবে তার সঙ্গে সঙ্গে একটু আমরা চিন্তা করবো মা দুর্গার আবির্ভাবের কারণ। সেটা যদি আমরা অনুভব করতে না পারি তাহলে হই হুলোড়, আলোর রোশনাই, বাজি ফাটিয়ে মায়ের আরাধনা হবে না। মূলত এটা শক্তির পূজো। শক্তিকে আরোহন করতে গেলে সংযম দরকার, তপস্যা দরকার। সুতরাং যারা দুর্গাপুজোর উদ্যোক্তা আছেন তাঁদের বলবো, কটা দিন আনন্দ উৎসব করুন কিন্তু অন্ত:সাধনা একটু থাকা দরকার। সংযম একটু থাকা দরকার।’’ একই সঙ্গে দুর্গাপুজোয় মাছ, মাংস বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ এখন তো বাংলায় মাছ, মাংস নিয়ে দৈনিক টিভিতে খুব লড়াই হচ্ছে। অথচ শ্রীমৎ ভগবত গীতায় আমাদের সাত্ত্বিক, রাজসিক, তামসিক আহারের কথা বলা হয়েছে। এখানে যুধিষ্ঠির তিনি একটা সাত্ত্বিক মনোভাবাপন্ন, আবার অর্জুন, নকুল এরা হচ্ছে রাজসিক মনোভাবাপন্ন, ভীম হচ্ছে তামসিক। সুতরাং একে অন্যের সঙ্গে বিচ্ছেদ নয়, এটা প্রয়োজন অনুযায়ীই তৈরি হয়েছে। এ নিয়ে বিতর্কের কিছু নেই।’’