উত্তরপ্রদেশে কি এবার বদলাতে চলেছে ক্ষমতার সমীকরণ? ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে কি ফের গেরুয়া ঝড়, নাকি যোগী আদিত্যনাথকে সরিয়ে লখনউয়ের ক্ষমতা দখল করবেন অখিলেশ যাদব? ভোটের এখনও কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তৈরি করেছে একটি জনমত সমীক্ষা। প্রায় সাড়ে আট হাজার মানুষের মতামত নিয়ে তৈরি এই সমীক্ষায় চমকপ্রদ তথ্য উঠে এসেছে। আর মুখ্যমন্ত্রী হওয়ার পছন্দের মুখ হিসেবে এগিয়ে রয়েছেন কে? যোগী আদিত্যনাথ, নাকি অখিলেশ যাদব?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
একদিকে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে সমাজবাদী পার্টির ক্ষমতায় ফেরার স্বপ্ন। তার উপরে ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির ধাক্কা। সব মিলিয়ে ২০২৭-এর বিধানসভা নির্বাচন ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের রাজনীতি।
চলুন, দেখে নেওয়া যাক, ভোটের আগে কোন দিকে হাওয়া, সমীক্ষা কী বলছে এবং গত বিধানসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে এবারের রাজনৈতিক পরিস্থিতির পার্থক্য কোথায়। উত্তরপ্রদেশ বিধানসভায় মোট আসন ৪০৩টি। সরকার গড়তে প্রয়োজন ২০২টি আসন। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের পর ১১ মার্চ ওই বিধানসভা গঠিত হয়েছিল। পাঁচ বছরের মেয়াদ অনুযায়ী ২০২৭ সালে ফের নির্বাচন হওয়ার কথা। সম্ভাব্য সময় ফেব্রুয়ারি থেকে মার্চ, ২০২৭।
ভোট ভাইবের সমীক্ষায় এগিয়ে কে?এবার আসা যাক, সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীক্ষার কথায়।
Vote Vibe নামের সংস্থার তরফে ১৩ নভেম্বর প্রকাশ করা হয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২৭-এর দ্বিতীয় ট্র্যাকার। রাজ্যের ৮ হাজার ৩৩৯ জন মানুষের সঙ্গে টেলিফোনে কথা বলে এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, এর Margin of Error বা ত্রুটির সম্ভাবনা প্লাস-মাইনাস ৩ শতাংশ। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, আগামী বিধানসভা নির্বাচনে কোন দল বা জোটকে ভোট দিতে চান?
সেখানে দেখা যাচ্ছে,
বিজেপি জোটের পক্ষে মত দিয়েছেন ৪১.৯ শতাংশ
সমাজবাদী পার্টির জোটের পক্ষে ৩৯.১ শতাংশ
বহুজন সমাজ পার্টির পক্ষে ৬.৪ শতাংশ
অন্যান্য দল ও নির্দল প্রার্থীদের পক্ষে ৪.৯ শতাংশ
এখনও সিদ্ধান্ত নিতে পারেননি ৭.৮ শতাংশ
অর্থাৎ ভোট দেওয়ার ইচ্ছার নিরিখে বিজেপি জোট এগিয়ে রয়েছে মাত্র ২.৮ শতাংশের ব্যবধানে। কিন্তু এখানেই রয়েছে সমীক্ষার সবচেয়ে বড় চমক। মানুষকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তাঁদের ধারণা অনুযায়ী আগামী নির্বাচনে কোন দল জিততে পারে, তখন ছবিটা বদলে যাচ্ছে।
সেখানে সমাজবাদী পার্টির জোটকে জয়ী মনে করছেন ৪২.২ শতাংশ মানুষ
বিজেপি জোটের জয়ের সম্ভাবনা দেখছেন ৪১.২ শতাংশ
অর্থাৎ ভোট দেওয়ার ইচ্ছায় বিজেপি এগিয়ে, কিন্তু কে জিতবে সেই প্রশ্নে এক শতাংশের ব্যবধানে এগিয়ে অখিলেশের সমাজবাদী পার্টি।
মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে কে?এবার আসা যাক মুখ্যমন্ত্রীর কুর্সির লড়াইয়ে। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? সেখানেও এগিয়ে যোগী আদিত্যনাথ।
সমীক্ষার পরিসংখ্যান বলছে,
যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান ৪৪.১ শতাংশ
অখিলেশ যাদবকে চান ৩৪.৫ শতাংশ
প্রিয়াঙ্কা গান্ধীকে চান ৬.৫ শতাংশ
মায়াবতীকে চান ৫.৮ শতাংশ
এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমীক্ষায় বিজেপির ভোট যেখানে ৪১.৯ শতাংশ, সেখানে যোগীর ব্যক্তিগত জনপ্রিয়তা ৪৪.১ শতাংশ। অন্যদিকে সমাজবাদী পার্টিকে ভোটের ইচ্ছা ৩৯.১ শতাংশ হলেও অখিলেশকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান ৩৪.৫ শতাংশ।
এবার একটু পিছিয়ে যাওয়া যাক ২০২২ সালের বিধানসভা নির্বাচনে। সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরেছিল বিজেপি। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন যোগী আদিত্যনাথ। বিজেপি একাই পেয়েছিল ২৫৫টি আসন। আর শরিকদের নিয়ে এনডিএ-র মোট আসন হয়েছিল ২৭৩।
অন্যদিকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এককভাবে ১১১টি আসন পেলেও শরিকদের নিয়ে তাদের জোটের আসনসংখ্যা হয়েছিল ১২৫। আরও একটি বিষয় মনে রাখা দরকার। ২০১৭ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩১২টি আসন। অর্থাৎ ২০২২ সালে বিজেপি ক্ষমতা ধরে রাখলেও আসন কমেছিল ৫৭টি। অন্যদিকে সমাজবাদী পার্টি ২০১৭ সালের ৪৭টি আসন থেকে বেড়ে ২০২২ সালে পৌঁছে গিয়েছিল ১১১-তে।
২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল কি বদলে দিয়েছিল উত্তরপ্রদেশের সমীকরণ? ৮০টি লোকসভা আসনের উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি একাই জিতেছিল ৩৭টি আসন। বিজেপি পেয়েছিল ৩৩টি। কংগ্রেস পেয়েছিল ৬টি। অর্থাৎ লোকসভা নির্বাচনে বিজেপিকে পিছনে ফেলে উত্তরপ্রদেশে এক নম্বর দল হয়ে উঠেছিল অখিলেশের সমাজবাদী পার্টি। বিজেপির কাছে এই ফলাফল ছিল বড় ধাক্কা। কারণ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি পেয়েছিল ৬২টি আসন। ২০২৪ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৩৩-এ। আর সেই সাফল্যকে সামনে রেখেই অখিলেশ যাদবের লক্ষ্য এখন ২০২৭ সালের বিধানসভা নির্বাচন।
২০২৭-এর লড়াইয়ে নতুন করে আলোচনায় এসেছে আরও একটি রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি আসাদউদ্দিন ওয়াইসির AIMIM এবং চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি হাত মিলিয়েছে। তৈরি হয়েছে সামাজিক পরিবর্তন মোর্চা। এই জোটের মুখ হিসেবে চন্দ্রশেখর আজাদের নাম ঘোষণা করেছেন ওয়াইসি। এমনকী উত্তরপ্রদেশের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তাঁরা।
এই জোটের মূল লক্ষ্য সংখ্যালঘু এবং দলিত ভোটারদের একত্রিত করা। কারণ উত্তরপ্রদেশের রাজনীতিতে এই দুই সম্প্রদায়ের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই অখিলেশের চিন্তা বাড়তে পারে। কারণ সমাজবাদী পার্টির পিছড়ে, দলিত এবং সংখ্যালঘু ভোটের সমীকরণকে সামনে রেখেই এগোচ্ছেন অখিলেশ। সেই জায়গায় ওয়েইসি এবং চন্দ্রশেখর আজাদের নতুন জোট যদি সংখ্যালঘু ও দলিত ভোটের একটা অংশ নিজেদের দিকে টানতে পারে, তাহলে বিরোধী ভোট ভাগ হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিরোধী ভোট ভাগ হলে তার সুবিধা পেতে পারে বিজেপি। যদিও এই নতুন জোটের নির্বাচনী প্রভাব কতটা হবে, তা এখনই বলা সম্ভব নয়। অন্যদিকে অখিলেশ যাদব এই জোটকে স্বাগত জানিয়েছেন। অর্থাৎ বিরোধী শিবিরের মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন কোন ইস্যুতে হতে পারে ২০২৭-এর বিধানসভা নির্বাচন? Vote Vibe-এর সমীক্ষায় উঠে এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।
এক নম্বরে বেকারত্ব। দুই নম্বরে মূল্যবৃদ্ধি। তিন নম্বরে কৃষকদের সমস্যা। অর্থাৎ রামমন্দির, হিন্দুত্ব কিংবা জাতপাতের রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাও এবার বড় নির্বাচনী ইস্যু হয়ে উঠতে পারে। আরও একটি চমকপ্রদ তথ্য রয়েছে। নিজেদের বর্তমান বিধায়কের কাজকর্মে অসন্তুষ্ট ৫০.২ শতাংশ মানুষ। সন্তুষ্ট মাত্র ২৩.৬ শতাংশ। অর্থাৎ যোগী সরকারের সামগ্রিক মূল্যায়নের তুলনায় স্থানীয় বিধায়কদের বিরুদ্ধে ক্ষোভ অনেক বেশি।এই পরিস্থিতিতে বিজেপির সামনে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে সরকারের ভাবমূর্তি ধরে রেখেও কতজন বর্তমান বিধায়ককে ফের টিকিট দেওয়া হবে?