অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে? বসিরহাটের সেবাসেতু ক্যাম্পে মহিলাদের বিক্ষোভ

পুজোর আগে যে করেই হোক অন্নপূর্ণার টাকা চাই। এমন দাবিতে এককাট্টা ঘরের লক্ষ্মীরা। সেবা সেতু ক্যাম্প চালু হতেই ফের ক্ষোভের আগুন দিকে দিকে। কেন দীর্ঘদিন ধরে আন্ডার প্রসেস, কেন যোগ্য হয়েও মিলছে না টাকা সেবা সেতু ক্যাম্পে গিয়ে রীতিমতো রণচণ্ডী ঘরের লক্ষ্মীরা। সরকারি কাজ সরকারি নিয়ম অনুসারেই চলবে তাই বিপদে পড়েছেন সেবা সেতু ক্যাম্পে থাকা কর্মী থেকে অফিসাররাও। তাঁরাও ধন্দে। বিভিন্ন জেলায় সেবা সেতু ক্যাম্পের প্রথম দিনেই উঠে এল বিশৃঙ্খল পরিস্থিতির ছবি। সেবাসেতু ক্যাম্পে কেন হচ্ছে না অন্নপূর্ণার ফর্ম ফিল আপ তা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা।

সত্যজিৎ চক্রবর্তী, শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা

বসিরহাটের মাটিয়া থানার ঘোড়ারাস কুলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায় টাকি রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। প্রত্যেকের একই অভিযোগ যোগ্য হয়েও মিলছে না টাকা। তাঁদের আরও দাবি সরকার যতই বলুক না কেন অন্নপূর্ণা ভাণ্ডারে যোগ্যরাই টাকা পাচ্ছে কিন্তু খাতায় কলমে অনেক অযোগ্য মহিলা টাকা পাচ্ছে বলে ক্ষোভ আরও বেড়েছে তাঁদের। তাই সেবা সেতু ক্যাম্প শুরুর দিনই টাকি রাজ্য সড়ক অবরোধ করে চলে মহিলাদের বিক্ষোভ। গ্রামে গ্রামে মাইকে সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ হবে বলে মাইকিং হলেও ক্যাম্পে মিলছে না সেই সুবিধা তা নিয়ে উঠেছে প্রশ্ন। টাকা না পেলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছন তাঁরা।

বারাসতেও একই ঘটনা। সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ কেন হবে না তা নিয়েই ধুন্ধুমার পরিস্থিতি। সেবা সেতু ক্যাম্পে এসে অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত তথ্য না পেয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে মহিলাদের মধ্যে। এরপর টাকি রোডে অবরোধ করে চলে বিক্ষোভ। মধ্যমগ্রামেও একই ছবি। মহিলাদের দাবি ভোর পাঁচটা থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলাপ করার জন্য লাইনে দাঁড়িয়ে সকাল ন’টার পর হঠাৎই জানানো হয় এই ক্যাম্প থেকে কোন রকম অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ হবে না। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। ক্যাম্পের কাজ বন্ধ হয়ে যায়। টেবিল চেয়ার ফেলে দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসতে হয় মধ্যমগ্রাম থানার পুলিশকে। এদিকে ক্যাম্পের অফিসাররা পড়েছেন মহা বিপদে। তাঁদের কাছে সরকারি ভাবে যে বার্তা এসেছে সেইমতো তাঁরা কাজ করছেন। ক্যাম্পে কেন অন্নপূর্ণার ফর্ম ফিলআপ হবে না তা তাঁরা জানেন না।

সরকারি তথ্য অনুসারে আগে থেকেই ঘোষণা হয়েছিল সেবা সেতু ক্যাম্পে নতুন করে কোনও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ হবে না। শুধু মাত্র অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের কোনও সমস্যা হলে তাঁদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে। কিন্তু গোল বেঁধেছে জেলায় জেলায় স্থানীয় প্রশাসন সূত্রে যে মাইকিং হয়েছে তাতে বলা হয়েছে সেবা সেতু ক্যাম্পেই হবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ। তাই নিয়েই যত সমস্যা । ভুলটা কার তা জানা নেই কিন্তু হেনস্থার শিকার হচ্ছে ক্যাম্পে আসা মহিলা থেকে অফিসারদের। এমনিতেই অন্নপূর্ণা যোজনা পাওয়া না পাওয়া নিয়ে যে জট তৈরি হয়েছে তাতে ঘৃতাহুতি হিসাবে কাজ করেছে এলাকাভিত্তিক মাইকিং।