বর্ষাকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের বার্তা মোদীর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘যেখানে তথ্য ও যুক্তি রয়েছে, সেখানে হইহট্টগোল করে ঝড় তোলার প্রয়োজন হয় না।’’ তাঁর আহ্বান, হইচই বা অচলাবস্থার পরিবর্তে সংসদে গঠনমূলক আলোচনা হোক এবং দেশের উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দল ইতিবাচক ভূমিকা নিক।
প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে জ্বালানি আমদানিনির্ভর দেশ হিসেবে ভারতের সামনে একাধিক চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। পেট্রল, ডিজেল, এলপিজি, সার এবং রাসায়নিক পণ্যের সরবরাহে অনিশ্চয়তা দেখা দিলেও ভারত সেই পরিস্থিতি সামাল দিয়ে ৭.৭ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধির হার বজায় রাখতে সক্ষম হয়েছে। তাঁর দাবি, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির মর্যাদা ধরে রাখাই ভারতের সক্ষমতার প্রমাণ।
উন্নয়নের প্রসঙ্গ টেনে মোদী বলেন, সংস্কারের ধারাবাহিকতার ফলেই দেশের যুবসমাজ নতুন নতুন ক্ষেত্রে সাফল্য অর্জন করছে। সম্প্রতি রাজস্থানে একটি বৃহৎ তেল শোধনাগার, দেশের তৃতীয় সেমিকন্ডাক্টর কারখানা এবং সবুজ হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সাফল্যের নেপথ্যে রয়েছেন দেশের বিজ্ঞানী, শিল্পোদ্যোগী এবং শ্রমিকরা।
সংসদে অভিজ্ঞ সাংসদদের জ্ঞান ও অভিজ্ঞতার সদ্ব্যবহারের উপরও জোর দিতে হবে বলে বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, দলমত নির্বিশেষে প্রত্যেক সাংসদের মতামত দেশের জন্য গুরুত্বপূর্ণ। ‘‘প্রতিটি কণ্ঠস্বর শোনা হোক, প্রতিটি ভাবনাকে সম্মান করা হোক,’’— এই আহ্বান জানান তিনি।
এ দিন থেকেই শুরু হয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশন, যা চলবে আগামী ১৩ অগস্ট পর্যন্ত। অধিবেশনে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী বিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা। অন্যদিকে, অযোধ্যার রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ এবং নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রকে ঘিরে ধরার প্রস্তুতি নিয়েছে বিরোধীরা। ফলে অধিবেশনের শুরু থেকেই সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত উত্তাপ ছড়াচ্ছে।