‘সংসদে আসছেন না কেন?’

শাহকে নিশানা অভিষেকের, ডিলিমিটেশন-এফসিআরএ নিয়েও তোপ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : NEET-সহ সাম্প্রতিক ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধীদের সংঘাতের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে তাঁর প্রশ্ন, বিরোধীদের প্রশ্নের মুখোমুখি হতে শাহ সংসদে আসছেন না কেন?

অভিষেক বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন, নিজের জ্ঞান ফিরুক। উনি সংসদেই আসছেন না। আমি আসছি, উনি আসছেন না কেন?’’ তাঁর অভিযোগ, সংসদে সরকার সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি থেকেই বোঝা যাচ্ছে, তিনি বিরোধীদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন।

দিল্লিতে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ এবং বলপ্রয়োগ নিয়েও শাহকে কাঠগড়ায় তোলেন অভিষেক। তাঁর দাবি, দিল্লিতে পুলিশের যে পদক্ষেপ হয়েছিল, তা ভুল ছিল—স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বিষয়টি জানেন। অভিষেকের অভিযোগ, ‘‘ উনি নিজেও জানেন যে দিল্লিতে যা হয়েছে, লাঠিচার্জ এবং তাঁর নির্দেশে পুলিশের যে পদক্ষেপ হয়েছিল, তা ভুল। এর কো নও জবাব তাঁর কাছে নেই।’’

যদিও কেন্দ্রের পাল্টা অভিযোগ, বিরোধীরাই বার বার সংসদের কাজ ব্যাহত করছেন এবং আলোচনার সুযোগ নষ্ট করছেন। NEET প্রশ্নফাঁস ও ছাত্র আন্দোলন নিয়ে সরকার বিস্তারিত আলোচনায় প্রস্তুত বলেও জানিয়েছে।

এ দিন ২০২৬-এর ডিলিমিটেশন বিল নিয়েও সরব হন অভিষেক। তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাসের বিরোধিতা করে যে প্রস্তাব পাশ হয়েছে, তাকে সমর্থন করেন তিনি। তাঁর বক্তব্য, ডিলিমিটেশন হলে নির্বাচনী এলাকা ও জেলার সীমানায় পরিবর্তন আসতে পারে, যার প্রভাব দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপর পড়বে। তাঁর অভিযোগ, বিল পাশ হলে গণতন্ত্র আরও দুর্বল হবে।

পাশাপাশি ২০২৬-এর ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) সংশোধনী বিল বা এফসিআরএ বিল প্রত্যাহারের দাবিও তোলেন তৃণমূল সাংসদ। বিলটি ইতিমধ্যেই যৌথ সংসদীয় কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।

অভিষেকের অভিযোগ, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এফসিআরএ বিল ব্যবহার করছে। তাঁর দাবি, কোনও সঙ্কট দেখা দিলেই বিজেপি সরকার নতুন সংশোধনী এনে মূল বিষয় থেকে নজর ঘোরানোর চেষ্টা করে। ফলে NEET, পুলিশি পদক্ষেপ থেকে ডিলিমিটেশন ও এফসিআরএ—একাধিক ইস্যুতে কেন্দ্র-বিরোধী সংঘাত আরও তীব্র হল।