কেন গম্ভীরের কোপে সরফরাজ? সরফরাজকে উপেক্ষায় প্রশ্ন একাধিক
সৌম্য দাস, সাংবাদিক: ইংল্যান্ড সফরে জায়গা হয়নি। আশা করেছিল, অন্তত ঘরের মাঠ থেকে ডাক পাবেন সরফরাজ খান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেটা হয়নি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের আগে ভারতীয় ‘A’ দলেও নেই মুম্বইয়ের ব্যাটার। কিন্তু কেন? যে কারণ উঠে আসছে, তাতে কোচ গৌতম গম্ভীরের অতিরিক্ত পরীক্ষানিরীক্ষার দিকেই আঙুল উঠছে। এমনকি সরফরাজকে নিয়ে সুর চড়াতে শুরু করেছেন এআইএমআইএম-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট। তার আগে প্রোটিয়াদের বিরুদ্ধে দুটি ৪ দিনের অনুশীলন ম্যাচের জন্য ঘোষিত হয়েছে ভারত ‘A’ দল। অধিনায়ক হয়েছেন চোট সারিয়ে ফেরা ঋষভ পন্থ। রনজি ট্রফির ম্যাচে পারফর্ম করেও ভারত ‘A’ দলের হয়ে ডাক পাননি বাংলার পেসার মহম্মদ শামি। একই অবস্থা সরফরাজ খানের। শামির ফিটনেস নিয়ে নির্বাচকদের মধ্যে যে সংশয় আছে, তা উইকেট তুলেও দূর করা যাচ্ছে না। কিন্তু সরফরাজ? ২০ কেজি ওজন কমিয়েছেন। রনজির প্রথম ম্যাচে ৭৪ রান করেছেন। ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছিলেন। কিন্তু কিছুতেই জাতীয় দলে ডাক পাচ্ছেন না।

সরফরাজ খান মূলত পাঁচ নম্বরে ব্যাট করেন। ভারতের টেস্ট দলে পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতীশ রেড্ডিরা রয়েছেন। যাঁরা শেষের দিকে ব্যাট করতে পারবেন। তাই সরফরাজকে দলে স্থান করতে হলে একটাই জায়গা রয়েছে। সেটা হল তিন নম্বর। যেখানে গৌতম গম্ভীর নিয়মিত সাই সুদর্শনকে খেলিয়ে যাচ্ছেন। একটা ইনিংস ছাড়া বড় রান পাননি। ফলে পরীক্ষানিরীক্ষা চলছেই। সেক্ষেত্রে সরফরাজকে মুম্বইয়ের হয়ে তিন নম্বরে ব্যাট করা ছাড়া আর কোনও উপায় নেই।

এমনকি সরফরাজের ‘বঞ্চনা’র বিরুদ্ধে সরব হয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি এক্স হ্যান্ডলে প্রশ্ন তুলেছেন, “ কেন সরফরাজ খানকে ভারত ‘A’ দলের জন্যও সুযোগ দেওয়া হবে না? “

জাতীয় দলে সরফরাজের বঞ্চনা নিয়ে সরব হলেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। ভারতের দল নির্বাচনে ধর্মীয় পক্ষপাতের অভিযোগ তুলে ভারতের হেড কোচ তথা প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে নিশানা করেন তিনি। গম্ভীরের জন্যই সরফরাজকে বারবার বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শামা মহম্মদ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজে ১৫০ রানের ইনিংস ছিল সরফরাজের। তাছাড়া, শুধুমাত্র ব্যাটিং পজিশন দেখেই বা কেন নির্বাচন হবে, সেই প্রশ্নও উঠছে? ভারত ‘A’ দলে অনেকেই আছেন, যাঁরা ঘরোয়া ক্রিকেটে এখনও নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি। তাহলে সরফরাজ একাই বা কেন বাদ যাবেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।