CSK-র জার্সিতে আর খেলবেন না ধোনি? নতুন দায়িত্বে ‘থালা’

চেন্নাই সুপার কিংসের (CSK) মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পেলেন মহেন্দ্র সিং ধোনি। এর ফলে ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর খেলোয়াড়জীবনের ইতি ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে।ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি চেন্নাই সুপার কিংসের সাফল্যের অন্যতম প্রধান কারিগর। দলের বহু জয় এবং কঠিন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এবার থেকে দলের নতুন প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখানোর দায়িত্ব সামলাবেন এই কিংবদন্তি ক্রিকেটার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

CSK-র কাছে ধোনি শুধু একজন ক্রিকেটার নন, দলের পরিচয়েরও অবিচ্ছেদ্য অংশ। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, চেন্নাই বরাবরই ধোনির নিজের ঘর হয়ে থাকবে। ধোনির নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। কোনও অধিনায়কের নেতৃত্বে আইপিএলে এতবার ট্রফি জয়ের নজির খুব বেশি নেই। এছাড়াও তাঁর নেতৃত্বে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জিতেছে CSK। সব মিলিয়ে আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক তিনি।

সমাজমাধ্যমে একটি পোস্ট করে ধোনির নতুন দায়িত্বের কথা ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস। সেখানে লেখা হয়েছে, ”একজন অসাধারণ ক্রিকেটার, এবার নতুন দায়িত্ব। ধোনি দলের মেন্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন। অসংখ্য জয়, কঠিন সময় এবং স্মরণীয় মুহূর্তে তিনি শুরু থেকেই আমাদের পাশে ছিলেন। দলকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার পর এবার নতুন প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখাবেন তিনি। ধোনি সবসময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। চেন্নাইও তাঁর ঘর হয়েই থাকবে।”

শুধু অধিনায়কত্ব নয়, ব্যাট হাতেও আইপিএলে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন ধোনি। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত CSK-র জার্সিতে ৫,৩১৪ রান করেছেন এই তারকা। পাশাপাশি দলের হয়ে সবচেয়ে বেশি ২৭২টি ম্যাচ খেলেছেন তিনি। শেষ বলে ম্যাচ জেতানো, চাপের মুখে ঠান্ডা মাথায় ব্যাট করা এবং তাঁর বিখ্যাত হেলিকপ্টার শট সব মিলিয়ে আইপিএলের ইতিহাসে ধোনির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।