“ওয়ার্ক ফ্রম হোম করুন, সোনা, ভোজ্য তেলের ব্যবহার কমান”

করোনাকালের স্মৃতি উস্কে এমন কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?

মাম্পি রায়, সাংবাদিক : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রাভান্ডারের উপর গভীর প্রভাব পড়ছে বলে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের এক সভা থেকে দেশবাসীর উদ্দেশে একাধিক সংযমী পদক্ষেপের আহ্বান জানান তিনি। করোনাকালের স্মৃতি উসকে দিয়ে ফের ‘ওয়ার্ক ফ্রম হোম’, অনলাইন বৈঠক ও ভার্চুয়াল কনফারেন্সে জোর দেওয়ার আবেদন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পেট্রল-ডিজ়েল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা এবং রাসায়নিক সার কেনার প্রবণতা কমানোর ডাক দেন তিনি।

মোদীর বক্তব্য, করোনা অতিমারির সময় থেকেই আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল বড় ধাক্কার মুখে পড়ে। তার পর ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব অর্থনীতিকে আরও চাপে ফেলেছে। ভারত যেহেতু বিপুল পরিমাণ পেট্রল, ডিজেল, গ্যাস, সার ও ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করে, তাই আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব দেশের উপর পড়ছে। এই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা সঞ্চয়কে দেশভক্তির কাজ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

দেশবাসীকে জ্বালানির ব্যবহার কমানোর পরামর্শ দিয়ে মোদী বলেন, যেখানে মেট্রো রয়েছে সেখানে বেশি করে গণপরিবহণ ব্যবহার করতে হবে। ব্যক্তিগত গাড়ির বদলে কারপুল ব্যবস্থায় উৎসাহ দেন তিনি। পণ্য পরিবহণেও সড়কের বদলে রেল ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যাঁদের বৈদ্যুতিক গাড়ি রয়েছে, তাঁদের আরও বেশি করে সেই যান ব্যবহার করার আবেদন জানান তিনি।

করোনাকালের মতো ফের বাড়ি থেকে কাজের সংস্কৃতি চালু করার কথাও বলেন মোদী। তাঁর মতে, ওয়ার্ক ফ্রম হোম ও অনলাইন বৈঠক বাড়লে জ্বালানির ব্যবহার কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। একই সঙ্গে পরিবারগুলিকে রান্নায় অন্তত ১০ শতাংশ কম তেল ব্যবহারের আহ্বান জানান তিনি। এতে যেমন আমদানি ব্যয় কমবে, তেমনই মানুষের স্বাস্থ্যও ভাল থাকবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সঙ্কটের সময়ে আগামী এক বছর সোনার গয়না না কেনারও আবেদন জানান মোদী। তাঁর কথায়, “দেশের স্বার্থে সাময়িক সংযম প্রয়োজন।” বিদেশভ্রমণ থেকেও এক বছরের জন্য বিরত থাকার আহ্বান জানান তিনি। বিদেশে বিয়ে বা বেড়ানোর বদলে দেশের মধ্যেই পর্যটনে জোর দিতে হবে বলে পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কৃষিক্ষেত্রেও রাসায়নিক সারের ব্যবহার ২৫ থেকে ৫০ শতাংশ কমিয়ে প্রাকৃতিক কৃষিকাজে জোর দেওয়ার ডাক দেন মোদী। ডিজেলচালিত পাম্পের বদলে সৌরবিদ্যুৎচালিত পাম্প ব্যবহারের পরামর্শও দেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এই কঠিন সময়ে সকলকে একযোগে দায়িত্ব পালন করতে হবে।