বিশ্বজয়ী রিচাকে সম্বর্ধনা সিএবির, ডিএসপি পদ উপহার মুখ্যমন্ত্রীর

সিএবির তরফে তাঁকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাট ও বল উপহার রিচা ঘোষকে

নাজিয়া রহমান, সাংবাদিক: খেলার মাঠে প্রতিপক্ষ দলের বলকে বাউন্ডারি পার করায় লক্ষ্য ২২বছরের বিশ্বজয়ী রিচা ঘোষের। মহেন্দ্র সিং ধনির মতো এক বলে ছয় রান তার খুব প্রিয়। এই কারণে ড্রেসিং রুমে বা ক্রিকেট গ্রাউন্ডে বন্ধুরা রিচাকে ছোটো মাহি বলে ডাকে। ধনীর মতোই এই ছোটো মাহিও দেশকে আজ বিশ্বসেরা করেছে। এই বঙ্গকন্যার হাত ধরে আজ বিশ্বকাপ এসেছে ভারতের মাটিতে। এবারের মহিলা বিশ্বকাপ ফাইনালে বাংলার রিচার ধামাল খেলা দেখেছে বিশ্ববাসী। ফাইনালে দ্রুত রান তুলে দলকে এগিয়ে দিয়েছেন এই বঙ্গতরুনী। নবী মুম্বইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৫ সালের ফাইনালে রিচা ঘোষ মহিলা বিশ্বকাপে সর্বাধিক ছক্কা মারার  রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। তাই তো সেদিন ধারাভাষ্যকাররা রিচাকে বেঙ্গল পটাকা বলে সম্মোধন করেন।

মহিলা বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ের আগে, হরমনপ্রীত কউর আট ইনিংসে ১১টি ছক্কা মেরে একজন ভারতীয় হিসেবে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছিলেন ২০২৫ মহিলা বিশ্বকাপে, ফাইনালে সেই রেকর্ড ভেঙে ভারতীয় হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার মালকিন হন রিচা৷ বঙ্গকন্যার এই সাফল্যে গর্বিত সারা বাংলা। সেই সোনার মেয়েকে সোনা দিয়ে বরণ করা হল। শনিবার কলকাতার নন্দনকাননে আতসবাজি ফাটিয়ে জাঁকজমকভাবে বরণ করা হল বিশ্বজয়ী বঙ্গকন্যাকে। ইডেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে জমকালো সংবর্ধনা জানায় সিএবি।

সেই সঙ্গে গুচ্ছ উপহার তুলে দেওয়া হয় রিচা ঘোষের হাতে। শুধু উপহার নয় চমকপ্রদভাবে রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করে রাজ্য সরকার।সেই সঙ্গে উত্তরীয় ও সোনার চেনও দেওয়া। একই সঙ্গে তাঁকে রাজ্য পুলিশে সাম্মানিক ডিএসপি পদও দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফাইনালে এই বঙ্গললনা ভারতীয় দলের হয়ে ২৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৩ টি চার ও ২ টি ছক্কা দিয়ে। তার এই ঝোড়ো ব্যাটিং আজ ভারতকে বিশ্বজয়ী করেছে। রিচার ৩৪ রানের জন্য সিএবির তরফে তাঁকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হয়েছে।

রিচাকে আজ রিচা হয়ে উঠতে যেমন তাঁর বাবা মায়ের আবদান রয়েছে তেমনই আরও একজনের অবদানও রয়েছে। যিনি ছোট্ট রিচাকে নিয়ে অনেক আগেই বিশ্ব চ্যাম্পিয়নের স্বপ্ন দেখেছিলেন। যিনি রিচার স্পিরিট ও দক্ষতাকে বুঝেছিলেন। তিনি হলেন ঝুলন গোস্বামী।

আজ ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন পুরণ হয়েছে রিচা ও তার সহযোদ্ধাদের হাত ধরে। আজ আরও একবার বিশ্বকাপ ভারতের মাটিতে। কপিল দেব ও মহেন্দ্র সিং ধনীর পর হরমনপ্রীতের টিম। ২০০৫ ও ২০১৭ দৌড় গড়ায় পৌঁছেও একটুর জন্য হাত ছাড়া হয়েছে বিশ্বজয়। কিন্তু এবার ভারতের নারী শক্তির বিজয় আর কোনও বাধা মানেনি। বিশ্বকাপ বিজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই দলের একজন লড়াকু সৈনিক রিচা ঘোষ। ২২ বছরের এই তরুনীর জন্য বাংলা তথা সারা দেশ গর্বিত। আগামী দিনে রিচা ভারতের অধিনায়ক হোক এই স্বপ্নই আপামোর বাঙ্গালির মনে।