মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা: যেন এক অন্য পুজো বাঁকুড়া জেলার ইন্দাসের মির্জাপুরে সাঁতরা পরিবারে বড় বৌমা হীরাবালা সাঁতরাকে মা কালী রূপে পূজা করা হলো। প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে এই রীতি। গলায় রক্ত জবা, কপালে লাল চন্দন এই বেশেই পূজিতা হন মা মুন্ডমালিনী।

পরিবারের দাবি সাঁতরা পরিবারের কোনও এক পূর্ব পুরুষকে কালীমা স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন বাড়ির বড় বধূকে কালী রূপে পূজা করার। সেই থেকে আজও পরিবারের বড়ো বধূকে পুজো করার নিয়ম চলে আসছে। পরিবারের গৃহবধূ হীরাবালা সাঁতরা গত ৪০ বছর ধরে মা কালীরূপে পুজিতা হয়ে আসছেন। পুজোর দিন তাঁকে দেবীর আসনে বসানো হয়। গলায় রক্তজবার মালা ও কপালে রক্তচন্দনের তিলক আঁকা হয়। পুজোর সময় স্বয়ং মা কালী হীরাবালাদেবীর শরীরে ভর করে থাকেন। পুরোহিত তাঁকে দেবী রূপে পুজো করেন। আশেপাশের দর্শনার্থীরা জীবন্ত কালীর পুজো দেখতে সাঁতরা বাড়িতে ভিড় জমান। কালী পূজার পরের দিনেও নিয়ম নীতি অনুযায়ী আরো একবার জ্যান্ত মাকে পুজো করে বরণ করে তার ঘট বিসর্জন করা হয়।

হীরাবালা দেবী বলেন, “প্রায় ৪০ বছর ধরে আমাকে দেবীর আসনে বসানো হয়। মায়ের ইচ্ছাতেই আমি পবিত্র ওই আসনে বসি। পুজোর সময় আমি বাস্তব জগত থেকে যেন হারিয়ে যাই। অদ্ভুত এক অনুভুতি আমাকে ঘিরে রাখে। পুজোর পর ধীরে ধীরে স্বাভাবিক হই।” প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে এই রীতি।