কলকাতার যোগ দিবসে অংশ নেবেন প্রধানমন্ত্রী। জেলায় যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে সোনারপুর থানার তরফেও পালন করা হবে দিনটি। এই উদ্যোগটির প্রশংসা করছেন অনেকে।
আমরা ইতিমধ্যেই জানি যে, যোগ দিবসে শহর কলকাতাজুড়ে বিরাট আয়োজন করা হয়েছে। বাংলায় সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবসে রেড রোডে যোগাসনে অংশগ্রহণ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। ২১ জুন কলকাতায় তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করবেন তিনি। নৌকায় যোগা, ড্রোন শোয়ের ব্যবস্থাও করা হয়েছে বলে সূত্রের খবর।
যোগ দিবসের দিন তিনটি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উদ্বোধন করবেন। এই যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক শক্তিকে আরও শক্তিশালী করবে। তিনটি দেশীয় যুদ্ধজাহাজ — আইএনএস ডুনাগিরি, আইএনএস আগরায় এবং আইএনএস সংশোধক — নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।
এই তিনটি যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তিতে প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভর ভারতের সাফল্যের দিকে আরও একধাপ এগিয়ে যাবে। প্রথমে প্রধানমন্ত্রী মোদী কলকাতায় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করবেন।
একদিকে যখন কলকাতায় সুবিশাল যোগ দিবস হবে, অন্যদিকে জেলায় জেলায়ও যোগ দিবসের প্রস্তুতি চলছে।
পুলিশের মতো চ্যালেঞ্জিং পেশায় যুক্ত কর্মীদের শারীরিক সক্ষমতা এবং মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য যোগব্যায়াম অত্যন্ত কার্যকর। তাই সোনারপুরে থানার বড়বাবু আশিস দাসের নেতৃত্বে এই প্রস্তুতিমূলক মহড়ার আয়োজন করা হয়েছে। শুধুমাত্র ২১ জুনের অনুষ্ঠানের জন্যই নয়, বরং পুলিশ কর্মীদের দৈনন্দিন জীবনের স্ট্রেস কমাতে এবং কর্মদক্ষতা বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখবে এই অনুষ্ঠান। পশ্চিমবঙ্গজুড়ে সরকারি স্তরে এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষকেও শরীরচর্চা ও যোগব্যায়ামের প্রতি উৎসাহিত করবে বলেই মনে করছেন একাংশ।