নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’-এ ক্ষুব্ধ ‘শক্তিমান’!

নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। এ বার ছবিতে সীতার চরিত্রায়ণ নিয়ে আপত্তি তুললেন ‘শক্তিমান’-খ্যাত অভিনেতা মুকেশ খান্না। ছবিটি এখনও দেখেননি তিনি। তবে সমাজমাধ্যমে দর্শকদের আলোচনা থেকেই সীতার চরিত্র সম্পর্কে জানতে পেরে প্রশ্ন তুলেছেন প্রবীণ অভিনেতা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সম্প্রতি একটি ভিডিয়োয় মুকেশ বলেন, বাল্মীকি রামায়ণে সীতাকে কখনও যুদ্ধ করতে দেখা যায়নি। অথচ ছবিতে তাঁকে রাক্ষসদের সঙ্গে লড়াই করতে এবং তলোয়ার চালাতে দেখা যাচ্ছে বলে দাবি তাঁর। অভিনেতার কথায়, “আপনাদের লজ্জা হওয়া উচিত। সীতাকে কি কখনও ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের মতো লড়াই করতে দেখা গিয়েছে? বাল্মীকি রামায়ণে এমন কোনও ঘটনার উল্লেখ নেই।”

মুকেশের প্রশ্ন, সীতাকে যদি এতটাই লড়াকু হিসাবে দেখানো হয়, তা হলে রাবণ তাঁকে অপহরণ করার সময় তিনি বাধা দিলেন না কেন? তাঁর যুক্তি, রামায়ণের সীতা ছিলেন মর্যাদা, ত্যাগ ও স্বামীর প্রতি আনুগত্যের প্রতীক। রামের সঙ্গে ১৪ বছরের বনবাসেও স্বেচ্ছায় গিয়েছিলেন তিনি। রাজপ্রাসাদের সুখ-স্বাচ্ছন্দ্য ছেড়ে স্বামীর সঙ্গে থাকার সিদ্ধান্তই ছিল তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য বলে দাবি অভিনেতার।

ছবিতে সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। তাঁকে যোদ্ধার ভূমিকায় দেখানোর সমালোচনা করে মুকেশের বক্তব্য, আধুনিক নারীবাদের ধারণার সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে রামায়ণের মূল চরিত্রে বদল আনা উচিত নয়। “আজকের নারীরা অবশ্যই শক্তিশালী। কিন্তু রামায়ণের সীতা আজকের নারীদের প্রতিনিধিত্ব করতেন না,” মন্তব্য তাঁর।

এখানেই থামেননি ‘শক্তিমান’-খ্যাত অভিনেতা। নির্মাতাদের উদ্দেশে তাঁর কটাক্ষ, “রামায়ণের মতো কাহিনিতে নতুন দৃশ্য যোগ করার আগে ভাবা উচিত।” সম্প্রতি রামলীলা দেখার অভিজ্ঞতার কথাও জানান তিনি। তাঁর দাবি, এই মহাকাব্যের প্রতি মানুষের গভীর বিশ্বাস রয়েছে। তাই মূল কাহিনি ও চরিত্রের সঙ্গে কোনও রকম আপস করা উচিত নয়।

৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রামায়ণ’। ইতিমধ্যেই ছবিটি বক্স অফিসে সাড়া ফেলেছে। এবার মুকেশের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।