বিরিয়ানি কিনতে গিয়ে যুবককে ধারালো অস্ত্রের কোপ হাওড়ায়!

রাজ্যে পালাবদল হলেও শান্ত হয়নি আন্দুল রোডের লিচুবাগান, বিরিয়ানি কিনতে গিয়ে যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপালো।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা

রাজ্যে পালাবদল হয়েছে, এসেছে নতুন সরকার, কিন্তু শান্ত হয়নি হাওড়ার আন্দুল রোডের লিচুবাগান এলাকা। প্রতিদিনই মারামারি, দাঙ্গা ও খুনাখুনির অভিযোগে আতঙ্কে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত্রিবেলা লিচুবাগান নিউ বস্তির বাসিন্দা নিহাল খান ও তার বন্ধু অসীম আক্রম বাড়ির কাছেই বকুলতলার একটি বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে যায়। অভিযোগ, সেখানেই আচমকা তাদের ওপর হামলা চালায় কাজীপাড়ার বাসিন্দা মহম্মদ শাহজাদ, মহম্মদ ফিরাজ, শাহনাওয়াজ ও আরশাদ আনসারি।

অভিযোগ, প্রথমে চড়াও হয়ে মারধর করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় নিহাল খানকে। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় গতকাল হাওড়ার নাজিরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পরিবারের দাবি, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, অভিযুক্তরা এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

এলাকার বাসিন্দাদের একাংশের বক্তব্য, পালাবদলের পর এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। তাদের অভিযোগ, ৪ তারিখের পর অনেকেই দল বদলে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। যার জেরে শান্ত লিচুবাগান এখন অশান্ত লিচুবাগানে পরিণত হয়েছে। পরিবার ও বাচ্চাদের নিয়ে এলাকায় থাকতে ভয় পাচ্ছেন তারা।

পুলিশের কাছে এলাকায় শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ তদন্ত শুরু করেছ।