পাটক্ষেতে গুপ্তধন! নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার

ডেরায় টাকার পাহাড় !গ্রেফতার বাদুড়িয়ার পুরপ্রধান !

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা : লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে নগদ ৮০ লক্ষ টাকা এবং কয়েক বান্ডিল সরকারি ত্রিপল উদ্ধার হয়েছে।
দীপঙ্কর ভট্টাচার্যকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবারের পর বুধবারও বাদুড়িয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ওই চেয়ারম্যানের তৃণমূল কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রিপল এবং স্ট্রিট লাইট, চালের বস্তা সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। এর পাশাপাশি একটি পাট জমিতে ড্রাম এবং চারটি ট্রলি ব্যাগও উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে দুর্নীতির অভিযোগ উঠছিল। কয়েক দিন পুরসভায় অনুপস্থিত ছিলেন দীপঙ্কর। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বাদুড়িয়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তার আগে তৃণমূলের একটি কার্যালয় এবং একটি বাগানবাড়ি থেকে প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের একটি সূত্রে খবর, দীপঙ্কর একটি হোটেলে গা-ঢাকা দিয়েছিলেন। তাঁর কাছে পোশাকভর্তি দুটি ব্যাগ পাওয়া গিয়েছে। তাতে ওষুধপত্র ছিল। জিনিসপত্র দেখে পুলিশের অনুমান দীর্ঘ দিন গা-ঢাকা দেওয়ার পরিকল্পনা ছিল দীপঙ্করের।
পুর চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি ১২ নম্বর ওয়ার্ডে। সেই বাড়ির পাশে পুরসভার একটি কম্পিউটার সেন্টার রয়েছে। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। স্থানীয় সূত্রে খবর, ওই সেন্টারের চাবি থাকত চেয়ারম্যানের কাছে। টাকা গোনার মেশিন এনে সোমবার রাতভর টাকা গোনা হয়।

বুধবার তল্লাশি অভিযান চলাকালীন যে কোনও রকম অশান্তি এড়াতে পুলিশের পাশাপাশি উপস্থিত ছিলেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে পুলিশ যখন তল্লাশি অভিযান চালায়, তখন তাঁকে দেখে চোর চোর স্লোগন তোলেন ক্ষুব্ধ জনতা। বলে রাখা দরকার, ওই চেয়ারম্যানের কাছ থেকে যখন বিপুল পরিমাণে টাকা এবং সরকারি ত্রিপল উদ্ধার করে পুলিশ, সেই প্রেক্ষিতে দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের হয় থানায়। একটি অভিযোগ করে সিপিএম, অন্যটি বিজেপি।

কে এই দীপঙ্কর ভট্টাচার্য?

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে তাঁর রাজনীতিতে আসা। তিন বারের পুর চেয়ারম্যান তিনি। যদিও রাজ্যে পালা বদলের পরে এলাকার লোকজনের দাবি, রিগিং করে ভোটে জিতেছেন দীপঙ্কর। তাঁর বিরুদ্ধে রাস্তা, পানীয় জল, আবাস যোজনার ঘর থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ এলাকার লোকজনের।

এই বিপুল পরিমাণ টাকা এবং সরকারি ত্রিপল উদ্ধারের ঘটনায় একা চেয়ারম্যান নাকি আরও কেউ বা কারা জড়িত রয়েছে কিনা, সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।