দখল নেওয়া তৃণমূল কার্যালয় ফেরাল বিজেপি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : গতকাল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করে খুন করার ভয়াবহ ঘটনার পরেও রাজনৈতিক সৌজন্যের এক অন্য ছবি দেখা গেল সোনারপুরে। এলাকাজুড়ে মাইকিং করে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, ৪ তারিখের পর যারা জার্সি পাল্টে বিজেপির আবির মেখে তৃণমূল কার্যালয়ে হামলা ও দখলদারির রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, এই ঘটনায় যদি কোনও বিজেপি কর্মীও যুক্ত থাকে, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
এরই মাঝে বিজেপি বিধায়ক দেবাশিস ধরের নির্দেশে রাজপুর-সোনারপুর পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের দখল হওয়া সমস্ত তৃণমূল কার্যালয় ফিরিয়ে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে। তাঁর হাতেই তুলে দেওয়া হয় কার্যালয়ের চাবি। পাশাপাশি তৃণমূল কার্যালয়ে লাগানো বিজেপির সমস্ত পতাকাও খুলে নেওয়া হয় বিজেপি কর্মীদের পক্ষ থেকে।
বিজেপির ৫ নম্বর মন্ডল সভাপতি বিশ্বজিৎ নস্কর জানান, “যে বা যারাই এই কাজের সঙ্গে যুক্ত থাকুক না কেন, পুলিশ যেন কঠোর হাতে দমন করে। আমরা বিজেপি পরিবার। আমাদের আদর্শ মানুষের পাশে থাকা, দখলদারি বা অশান্তি নয়।”