অঙ্কিতা পাল, সাংবাদিকঃ ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। চলচ্চিত্র পুরস্কার কারা পাবেন, সেই তালিকা আগেই ঘোষণা করা হয়েছিল। আর সেখানেই তৈরি হল নতুন ইতিহাস। এই প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন বলিউডের বাদশা শাহরুখ খান। এই পুরস্কার শাহরুখ খানের মুকুটে এক নতুন পালক। এর আগে তিনি পদ্মশ্রী থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেও, এবার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হাতে তুলে নিলেন। এদিনের অনুষ্ঠানে শাহরুখ খানের পরনে ছিল কালো স্যুট- সাদা শার্ট। আগামী ছবি কিং-এর লুকেই হাজির হয়েছিলেন তিনি। কাঁচা পাকা চুলে অভিনেতাকে দেখে হইচই পড়ে যায় সমাজ মাধ্যমে। দীর্ঘ অভিনয় কেরিয়ার শাহরুখ খানের। অসংখ্য ছবি করেছেন। অসংখ্য পুরস্কারও পেয়েছেন। মূল ধারার ছবি যেমন করেছেন, তেমনই শাহরুখের ঝুলিতে রয়েছে ‘স্বদেশ’, ‘চক দে ইন্ডিয়া’র মতো অন্যরকম ছবিও। একটা সময় দাবি উঠেছিল ‘স্বদেশ’-এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত শাহরুখের। তবে দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনে এই প্রথম রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মু জাতীয় পুরস্কার তুলে দিলেন শাহরুখ খানের হাতে।

‘জওয়ান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন তিনি। যাঁরা জাতীয় পুরস্কার পান তাঁদের একটি মেডেল, সঙ্গে একটি স্মারক দেওয়া হয়। সেইসঙ্গে পুরস্কার মূল্য হিসেবে ২ লক্ষ টাকা। তবে শাহরুখ খান পুরস্কার মূল্য হিসেবে পেলেন ১ লক্ষ টাকা। কারণ, এ বছর শাহরুখের সঙ্গে এই পুরস্কারের ভাগীদার ছিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসে। মোট দু’লক্ষ টাকা সেটাই ভাগাভাগি করে নেবেন দুই তারকা। তবে শাহরুখ খুব শীঘ্রই তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর শুটিং শুরু করবেন বলে খবর।

দর্শকদের মতে অনেক আগেই জাতীয় পুরস্কার সম্মানিত হওয়ার কথা ছিল শাহরুখের। শাহরুখ খানের পাশাপাশি জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন রানি মুখার্জিও। ১৯৯৬ সালে রাজা কি আয়েগি বারাত ছবির মাধ্যমে পা রেখেছিলেন বলিউডে। ২০২৩-এ মুক্তি পাওয়া মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য পেলেন জাতীয় পুরস্কার। রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার পেয়ে খুশি অভিনেত্রী।

এদিনের অনুষ্ঠানে রানি মুখার্জিকে দেখা গেছে চকোলেট রঙের শাড়ি এবং গয়নায়। এদিন বহুদিনের দুই বন্ধুকে দেখা যায় বরাবরের মতোই। জাতীয় পুরস্কারের মেডেল পরার সময় রানি মুখার্জি সাহায্য করেন শাহরুখকে। বরাবর একসঙ্গে জুটি বেঁধে কাজ থেকে বন্ধুত্ব সবেতেই নজর কেড়েছেন শাহরুখ-রানি।

শুধু তাই নয় এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বাংলায় বক্তব্য রেখেছিলেন শাহরুখ। শেষে জানিয়েছিলেন তাঁকে তা লিখে দিয়েছিলেন নাকি খোদ রানি। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন শাহরুখ-রানি জুটির রসায়ন বরাবরই চোখে পড়ার মতো। এদিনও তার ব্যতিক্রম হয়নি। পুরস্কারের পর শাহরুখ খান, রানী মুখার্জি এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহার রাষ্ট্রপতি ভবনে ডিনার সারেন। ২৩ সেপ্টেম্বর শাহরুখ-রানির কেরিয়ারে যেন ষোলো আনা পূর্ণ হল।