কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অন্তত ৩০০ জন রক্তদান করেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : প্রতি বছর ১৬ ই অগাস্ট দিনটিতে পশ্চিমবঙ্গে ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়। ১৯৮০ সালের এই দিনে ইডেন গার্ডেন্সে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচের সময় পদদলিত হয়ে ১৬ জন ফুটবল সমর্থক মারা যান। সেই মর্মান্তিক ঘটনার স্মরণে ও ফুটবলপ্রেমীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিতে আইএফএ (IFA) ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাজ্যজুড়ে রক্তদান শিবির ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের মতো এবারও ৪৭ তম ফুটবল প্রেমী দিবস হিসেবে আইএফএ ও অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনারস এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত এই শিবিরে সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ৩০২ জন রক্তদান করেন। কলকাতা ছাড়াও ঘাটালে ২৭৭ জন, ডেবরায় ১০০ জন, পূর্ব মেদিনীপুরে ৯৪ জন,দাঁতনে ৭৯ জন, টাকিতে ৭০ জন, ঝাড়গ্রামে ৫৫ জন, চিত্তরঞ্জনে ৩২ জন, শিলিগুড়িতে ৩০ জন, তমলুকে ২৩ জন, কুলটি তে ২২ জন সব মিলিয়ে সারা রাজ্যে ১০৮৪ জন রক্তদান করেন। এবছর ফুটবল প্রেমী দিবসে রক্তদাতাদের শংসাপত্রে স্বাক্ষর করেন প্রাক্তন ফুটবলার তরুণ দে।

রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, ভাস্কর গাঙ্গুলী, জামশেদ নাসিরি, অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, দীপঙ্কর রায়, সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ সঞ্জয় সেন, মহিলা ফুটবলার ও কোচ দোলা মুখার্জী। ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি গজল জাফর, ফুটবল সচিব বেলাল আহমেদ, ময়দানের বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও মোহনবাগান ও ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা। এ ছাড়াও ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি, সহ সভাপতি দিলীপ নারায়ণ সাহা, যুগ্ম সহ সচিব মহম্মদ জামাল,রাকেশ ঝাঁ ও সুদেষ্ণা মুখার্জী। অনুষ্ঠানে রক্তদাতাদের উদ্দেশে সঙ্গীত পরিবেশন করেন প্রাক্তন ফুটবলার তরুণ দে।