২৪৪টি পর্ণসাইট বন্ধ করতে চলেছে বাংলাদেশ

ওয়েব ডেস্ক: ভারতের পথে এবার বাংলাদেশ। দিনকয়েকের মধ্যেই বন্ধ হতে চলেছে ২৪৪টি পর্নসাইট ৷ কিছু ওয়েবসাইটের লিঙ্ক বুধবার থেকেই বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার একটি ফেসবুক পোস্টে ২৪৪টি পর্নসাইট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “২৪৪‌টি পর্ন সাইট বন্ধ ক‌রে‌ছি। অ‌ভিযান চলছে চলবে।” সূত্রের খবর, অশ্লীল তথ্য পরিবেশন করা ওয়েবসাইটগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখানেই শেষ নয়, প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আরও জানান, তাঁরা নিয়মিত খোঁজ চালাচ্ছেন। যেসব সাইটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলি যদি আবার চালু হয় তবে তাঁরা সেগুলি ফের বন্ধ করে দেবেন। দৈনিক ভিত্তিতে এই কাজ করা হবে। এর পাশাপাশি বাংলাদেশে যাতে আর কোনো পর্ন সাইট না দেখা যায়, সে ব্যাপারেও সব ধরনের ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার। প্রসঙ্গত, ২০১৬ সালে বাংলাদেশ সরকার ৮৫টিরও বেশী পর্ণসাইট বন্ধ করে দেয়।