ডায়মন্ড হারবারকে কঠিন প্রতিপক্ষ ধরেই আজ সেমিফাইনাল জয়ের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল

মোহনবাগান ম্যাচ এখন অতীত। ডার্বি জয়ের তিনদিনের মাথায় ইস্টবেঙ্গল কে নামতে হচ্ছে ডুরান্ড সেমিফাইনালে, যে ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফ সি। অতীতে ডার্বি জয়ের পরের ম্যাচে খারাপ ফলের সাক্ষী থেকেছে দুই প্রধান‌ই। যদিও সাম্প্রতিক সময়ে কলকাতা লীগের খেলায় কল্যানীতে মোহনবাগানকে হারানোর পরের ম্যাচেও জয় পেয়েছে ইস্টবেঙ্গল। এদিকে প্রথমবার ডুরান্ড সেমিফাইনালে উঠে টগবগ করে ফুটছে ডায়মন্ড হারবার ‌ও। ফলে বুধ সন্ধ্যার যুবভারতী এক টাফ ফুটবলের সাক্ষী হতে চলেছে।

সুচারু মিত্র, নিজস্ব প্রতিনিধিঃ- রুদ্ধশ্বাস ডার্বি জয়ের পর এবার সেমিফাইনাল। ডুরান্ড কাপের সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে ডায়য়ন্ড হারবারের। অস্কার ব্রুজো একেবারেই এই ম্যাচকে হালকা ভাবে নিচ্ছেন না। গ্রুপ স্টেজে ইস্টবেঙ্গল ভালোই গোল পেয়েছে। কিন্ত এবার নক আউটেও মরণপণ লড়াই করার জন্য অস্কার ব্রুজো ইতিমধ্যেই তার ছেলেদেরকে স্পেশাল ট্রেনিং করিয়েছেন । সেমিফাইনাল ম্যাচে কোনো কার্ড দেখলে চলবে না। মিগুয়েল, সাউল ক্রেসপো, দিয়ামান্তাকোসের একটা করে হলুদ কার্ড আছে। তাই আজকের ম্যাচে কার্ড যতটা এড়িয়ে খেলতে পারবে ইস্টবেঙ্গল ততই দলের পক্ষে মঙ্গল বলে মনে করছে আপামর ইস্টবেঙ্গল সমর্থক থেকে শুরু করে ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট। সৌভিক, মহম্মদ রাকিপ, লালচুংনুঙ্গা নিয়েও এই মুহূর্তে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস চরমে। যেভাবে মোহনবাগানের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে ডার্বিতে জয় এনেছে ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবার ম্যাচে তার থেকেও ভালো পারফরমেন্স করতে হবে ইস্টবেঙ্গলকে।

ডায়মন্ড হারবার প্রথমবার ডুরান্ড কাপে অংশ নিয়ে এবার ফাইনালে যাওয়ার মরিয়া চেষ্টা করবে। ইতিমধ্যেই গ্রুপ স্টেজে ডায়মন্ড হারবার দেখিয়েছে তাদের দলগত পারফরমেন্স কতটা উচ্চমানের। আর সেটাকেই সম্মান করছেন কোচ অস্কার ব্রুজো। কিবু ভিকুনার দলকে একেবারেই হালকা নিচ্ছে না ইস্টবেঙ্গল। কারণ কিবু ভিকুনার মতো কোচ যে কোনো দলের কাছে বাড়তি চাপ তৈরি করে। ডায়মন্ড হারবারকে যে ভাবে সেমিফাইনালে পৌঁছে দিয়েছেন এই কোচ, ফলে কোনো ভাবেই ডায়মন্ড হারবারকে হালকা নিচ্ছে না ইস্টবেঙ্গল। তাই ডার্বি জয়ের আনন্দকে অতীত ভেবে এবার ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে নামছে লাল-হলুদ।