শিশুদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা?

জুলেখা নাসরিন, নিজস্ব প্রতিনিধিঃ ‘পিছে তো দেখো পিছে’ বেশ কিছু বছর আগে এরকম কথা বলা একটা বাচ্চার কথা নিশ্চয়ই মনে আছে আপনার। চশমা পরা, গোলগাল চেহারা, পাকিস্তানের একটি ছোট বাচ্চা আহমেদ শাহ-র ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। সম্প্রতি, তার ছোট ভাই উমর শাহ-র আকস্মিক মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে পনেরো বছর বয়সেই মৃত্যুর কোলে খুদে পাক অভিনেতা। পাকিস্তানের জনপ্রিয় অনুষ্ঠান ‘জিতো পাকিস্তান’, ‘শান-ই-রমজান’-এ অভিনয়ের জন্য জনপ্রিয় হয়েছিলেন ওমর শাহ। তাঁর নিষ্পাপ সরল হাসি মন জয় করেছিল নেটিজেনদের। কিন্তু মাত্র ১৫ বছর বয়সে সব শেষ। ১৫ সেপ্টেম্বর কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন ওমর। পাকিস্তানের ডেরা ইসমাইল খান হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওমর শাহ-র দাদা আহমেদ শাহ ভাইয়ের মৃত্যুর খরব নিশ্চিত করে লেখেন, ‘আমাদের পরিবারের উজ্জ্বল ছোট্ট নক্ষত্র ওমর সৃষ্টিকর্তার কাছে ফিরে গিয়েছেন। ঈশ্বর তাঁকে ভালো রাখুন।’

এত অল্প বয়সে হৃদরোগ বা কার্ডিয়াক অ্যারেস্টের বিষয় বেশ অবাক করার মতো। কারণ এই কার্ডিয়াক অ্যারেস্ট বিষটি এখন কেবল বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই , তরুণ এবং শিশুরাও এর শিকার হচ্ছে। আর এই ঘটনা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। চিকিৎসকদের কথায়, বিশ্বে প্রায় হাজার জন শিশুর মধ্যে দশ জন শিশু হৃদরোগের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। কেন শিশুরা হৃদযন্ত্রের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে সেটা চিকিৎসকদের কাছে এখনও স্পষ্ট নয়। তবে বাবা-মা-এর হৃদযন্ত্রের সমস্যা থাকলে সন্তানের হৃদযন্ত্রের সমস্যা তৈরি হওয়ার সম্ভবনা অনেকাংশে বেড়ে যায় বলে মনে করেন চিকিৎসকরা। তবে শিশুদের মধ্যে যে কারণে হৃদযন্ত্রের সমস্যা বাড়ছে তার একটা ধারণা দেওয়া চেষ্টা করেছেন চিকিৎসকরা।

কেন বাড়ছে শিশু বা তরুণদের হৃদযন্ত্রের সমস্যা–

জেনেটিক সমস্যা
মায়ের গর্ভকালীন সংক্রমণ বা কিছু ওষুধের ব্যবহার
মায়ের ডায়াবেটিস
মায়ের ধূমপানের মতো কুঅভ্যাস
অপুষ্টি
স্থূলতা
ব্যামায়ের অভাব
জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা বৃদ্ধি
অস্বাস্থ্যকর জীবনযাপন
পরিবেশ দূষণ

তবে মায়ের কিছু সমস্যা থাকলেও কিন্তু শিশুর হৃদযন্ত্রের ঝুঁকি বাড়িয়ে দেয়। যেমন-

মায়ের সংক্রমণ- গর্ভবতী মায়ের রুবেলা বা অন্যান্য ভাইরাল সংক্রমণ হলে শিশুর হার্টের সমস্যা হতে পারে

মায়ের ডায়াবেটিস- গর্ভকালীন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস একটি বড় কারণ

মাদক ও অ্যালকোহল- গর্ভাবস্থায় মা যদি ড্রাগ বা অ্যালকোহল গ্রহণ করেন, তবে শিশুর হৃদরোগ হতে পারে

অপুষ্টি ও অপর্যাপ্ত যত্ন- গর্ভাবস্থায় অপুষ্টি বা পর্যাপ্ত প্রসবপূর্ব যত্ন না নিলে শিশুদের হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে

কীভাবে বুঝবেন শিশু হৃদরোগে আক্রান্ত-

খাওয়ার সমস্যা
শ্বাস-প্রশ্বাসের সমস্যা
অস্বাভাবিক দ্রুত শ্বাস নেওয়া
অস্বাভাবিক ওজন বৃদ্ধি
ঘন ঘন জ্বর-সর্দি-কাশি
ঠোঁট-নখ-জিহ্বার রঙ নীল হয়ে যাওয়া
হৃদপিন্ডে অস্বাভাবিক শব্দ
হঠাৎ হঠাৎ বমি

ইকোকার্ডিগ্রাফির মাধ্যমে শিশুদের হৃদযন্ত্রের সমস্যা নির্ণয় করা সম্ভব। গর্ভাবস্তায় রোগ নির্ণয় করা গেলে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় পুরোপুরি নিরাময় সম্ভব। এছাড়াও প্রাথমিক পর্যায়ে রোগটি ধরা পড়লে শিশু স্বাভাবিক জীবনে ফিরতে পারে সহজেই। তবে শিশুদের ক্ষেত্রে অবশ্যই সজাগ থাকতে হবে তাদের বাবা-মায়েদের।