“রাহুল গান্ধী আসিম মুনিরের প্রিয় বন্ধু”

মাম্পি রায়, সাংবাদিক: এশিয়া কাপের রুদ্ধশ্বাস ফাইনালে জয় পেলেও ট্রফি ছাড়াই জয়োল্লাস করেছে ভারত। পাকিস্তানকে দুরমুশ করার পর আনন্দে মেতেছে গোটা দেশ। ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে উল্লেখযোগ্য বিষয় হল এই ইস্যুতে কোনও প্রতিক্রিয়া দেননি বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাতেই জোর কটাক্ষ করল বিজেপি। বিজেপির অভিযোগ, রাহুল গান্ধী পাক সেনাপ্রধান আসিম মুনিরের প্রিয় বন্ধু। কংগ্রেস দেশের জাতীয় স্বার্থের বিরোধী।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে রাহুল গান্ধী নীরব কেন, এই প্রশ্ন তুলেই কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারী। এক্স হ্যান্ডলে বিজেপি নেতা লিখেছেন, কংগ্রেস দেশের জাতীয় স্বার্থবিরোধী। সেজন্যই ক্রিকেটের যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে গো হারা হারানোর পরও ভারতীয় দলকে অভিনন্দন জানাচ্ছেন না রাহুল গান্ধী। কংগ্রেস সবসময় ভারতের পরিবর্তে পাকিস্তানকে সমর্থন করে। আসলে কংগ্রেস হল পাকিস্তানের বি-টিম। অপারেশন সিঁদুরের সময়ে এই কংগ্রেসই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। রাহুল গান্ধী হলেন আসিম মুনিরের বন্ধু।

এখানেই শেষ নয় রাহুলকে কটাক্ষ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর পোস্ট, মনে হচ্ছে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অসাধারণ জয় রাহুল গান্ধী ও কংগ্রেসের পুরো দলকে কোমায় পাঠিয়ে দিয়েছে। কই অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাকে তো ওরা অভিনন্দন জানায়নি, এখন দেখুন দেশের ক্রিকেট দলের অসাধারণ সাফল্যের পরও ওদের কোনও হেলদোল নেই। ওরা বোধহয় মহসিন নকভি ও পাকিস্তানের অন্যান্য হ্যান্ডেলারদের অনুমতির জন্য অপেক্ষা করছে।

 অপারেশন সিঁদুরের পর যখন পাকিস্তানের জন্য সিন্ধু জলবন্টন বন্ধ করে দিয়েছে ভারত। জলপথে আমদানি রফতানিও বন্ধ। এমনকি বিনোদন জগতের কলাকুশলীদেরও নিষিদ্ধ করা হয়েছে এই আবহে ভারত-পাকিস্তানের ম্যাচ কী করে সমর্থনযোগ্য, এই প্রশ্ন তুলেছিল কংগ্রেস সহ বিরোধীরা। তাতেই বেজায় চটেছেন বিজেপি নেতৃত্বরা। রবিবার এশিয়া কাপের ফাইনালে ৫ উইকেটে জয়ী হয়েছে ভারত। এরপরেই এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করেন, খেলার মাঠে অপারেশন সিঁদুর। একই পরিণতি হল…ভারত জিতল! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন জানাই। তারপরই কংগ্রেসকে বিঁধে একের পর এক পোস্ট করতে থাকেন বিজেপি নেতারা।