নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প?

মাম্পি রায়, সাংবাদিক: শুক্রবার চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারপ্রাপকের নাম ঘোষণা হতে চলেছে। তার আগে নিজেকে পিস প্রেসিডেন্ট বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প তাঁর পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা নিয়ে করা ওই পোস্টে ট্রাম্প দাবি করেছেন, বিশ্বজুড়ে ৭টি যুদ্ধ থামিয়েছেন তিনি। ভারত-পাকিস্তানের সংঘাতও রয়েছে সেই তালিকায়। আরেকটি যুদ্ধ প্রায় থামানোর কাছাকাছি পৌঁছে গিয়েছেন। শীঘ্রই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধও থামাতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন ট্রাম্প। কীভাবে একের পর এক যুদ্ধ থামিয়েছেন, তার বিস্তারিত বিবরণ দেবেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। ইতিহাসে এত পরিমাণ যুদ্ধ কেউ থামিয়েছে বলে মনে হয় না, আত্মতুষ্টির সুরে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এতকিছুর পরও নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ক্ষেত্রে নিশ্চিত নন ট্রাম্প। তিনি বলেছেন, নোবেল কমিটি হয়তো এই পুরস্কার আমাকে নাও দিতে পারে। কারণ এটা শুধুমাত্র উদারপন্থীদের দেওয়া হয়।

তবে ট্রাম্পের এই আত্মতুষ্টি প্রথম নয়। পহেলগাঁওতে হামলার পাল্টা যখন পাকিস্তানে ঢুকে অপারেশন সিঁদুর চালাল ভারতীয় সেনাবাহিনী। তারপরও ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত লেগেই ছিল। সেসময়ও ট্রাম্প দাবি করেছিলেন যে, তিনিই নাকি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন। যদিও সেই দাবি নস্যাৎ করে দিয়েছে ভারত। ভারত জানিয়েছিল, পাক সেনার তরফে ভারতীয় সেনাদে যুদ্ধ থামানোর জন্য আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজায় শান্তি ফেরাতে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন তিনি। ট্রাম্পের সেই শান্তিপ্রস্তাবের প্রথম দফার শর্তগুলো মানার ক্ষেত্রে সম্মতি জানিয়েছে ইজরায়েল ও হামাস। বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প লিখেছেন, “আজ আমেরিকা, আরব দুনিয়া, ইজরায়েল ও আশপাশের দেশগুলির জন্য দারুণ দিন। শীঘ্রই সমস্ত বন্দিরা মুক্তি পাবেন। ইজরায়েল পূর্বনির্ধারিত সীমা পর্যন্ত বাহিনী সরিয়ে নেবে। গাজায় শক্তিশালী এবং চিরস্থায়ী শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যেই এই পদক্ষেপ। দুপক্ষকে রাজি করানোর জন্য তিন মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর এবং তুরস্ককেও ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।”

ইজরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে ইজরায়েলে যেতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের আইনসভা নেসেটে বক্তৃতা রাখতে পারেন তিনি।

গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইজ়রায়েল তাতে রাজি হয়েছে। হামাসকে ওই প্রস্তাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। প্রস্তাবে রাজি না-হলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সময়সীমা শেষের আগেই ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়ার ইঙ্গিত দেয় হামাস। এর মধ্যে শনিবার ফের গাজায় বোমাবর্ষণ করে ইজরায়েল। হতাহতের সংখ্যা বাড়তেই থাকে। ট্রাম্প দাবি করেন, হামাসের সম্মতির জন্য অপেক্ষা করছেন তিনি। অবশেষে ট্রাম্পের শর্তে রাজি হল দুপক্ষই। এর সঙ্গে সঙ্গেই নিজেকে পিস প্রেসিডেন্ট বলে দাবি করে বসলেন ট্রাম্প। এখন প্রশ্ন হল নোবেল শান্তি পুরস্কার কি পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।