আফগানিস্তানের পাকতিকা অঞ্চলে আকাশপথে হামলা চালাল পাক সেনা। নিহত মোট ৮ জন।
ঋক পুরকায়স্থ, সাংবাদিক: পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের তিনজন ক্রিকেটার। আর এই ঘটনার প্রতিবাদ স্বরূপ আগামী নভেম্বরে তিন দেশের যে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা সেখান থেকে নিজেদের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বা এসিবি। এই নভেম্বরের সিরিজে আফগানিস্তান পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতো। কিন্তু এই পরিস্থিতিতে তারা যে আর খেলবে না সেটা একেবারে স্পষ্ট। শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা অঞ্চলে আকাশপথে হামলা চালায় পাকিস্তান বায়ুসেনা। এর ফলে মোট আট জনের মৃত্যু ঘটেছে। যার মধ্যে ৩ জন আফগানিস্তানের ক্রিকেটারও রয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই তিনজন ক্রিকেটারের নাম ও ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। এই তিনজন ক্রিকেটার হলেন কবীর, শিবঘাতুল্লা ও হারুন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘‘আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বসবাসকারী নিরীহ ক্রিকেটারদের উপর কাপুরুষের মতো হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলার ফলে তারা শহিদ হয়েছেন। এই ঘটনাকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তীব্র ভাবে নিন্দা করে ও ঘটনার ফলে আমরা গভীরভাবে শোকাহত। শুধু তিনজন ক্রিকেটার নয়, আরও ৫ জন সাধারণ মানুষও মারা গিয়েছেন। জখম হয়েছেন মোট ৭ জন। এই খেলোয়াড়রা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে পাকতিকার গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় এই বর্বোরচিত ঘটনাটি ঘটানো হয়েছে। এটি আফগানিস্তানের ক্রিকেট জগতের জন্য একটি বড় ক্ষতি। এই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বর মাসে পাকিস্তানে যে টি-২০ সিরিজ আয়োজিত হয়েছে। আমরা সেখানে অংশগ্রহণ করব না।’’

আফগানিস্তানের মুখপাত্র জ়াবিহুল্লা মুজাহিদ এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, ‘‘প্রতিশ্রুতিমতো শনিবার দোহায় পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে।’’ আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মহম্মদ ইয়াকুবের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধিদল দোহার উদ্দেশে রওনা দিয়েছেন।

আফগানিস্তানের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, ‘‘পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। এই হামলায় অনেক মহিলা, শিশুর প্রাণ গিয়েছে। প্রাণ গিয়েছে তরুণ ক্রিকেটারদের, যাঁরা এক দিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এ ভাবে অসামরিক পরিকাঠামোয় হামলা বর্বরোচিত এবং অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি। দেশের মর্যাদা সবচেয়ে আগে।’’

পাকিস্তানের আফগানিস্তানের এই সংঘাতের আবহে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাঁর পরবর্তী লক্ষ পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ থামানো। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইতিমধ্যে ভারত-পাকিস্তান, ইজরায়েল-হামাস, রাশিয়া-ইউক্রেন সহ মোট আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। এবার পাকিস্তান-আফগানিস্তানের যুদ্ধ থামালে মোট ৯টি যুদ্ধ থামিয়ে ফেলবেন বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।