বন্ডি বিচে জঙ্গি হামলায় দুঃখপ্রকাশ মোদীর

এবার অস্ট্রেলিয়ার মাটিতে নিশানায় ইহুদিরা। বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের উত্সবে নির্বিচারের চলল গুলি। আর এই অতর্কিত হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত হয়েছেন অনেকে। এই ঘটনা সামনে আসার পর থেকেই ব্রিটেন, নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা প্রতিক্রিয়া দিয়েছেন। এমনকী জাতিসংঘের তরফে আন্তোনিও গুতেরেসও কড়া নিন্দা জানিয়েছেন। এই ঘটনা নিয়ে নীরব থাকল না ভারতও। রবিবার সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে মতপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

মোদী বলেন, অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ইহুদিদের হানুক্কা উৎসবের প্রথম দিনে উদযাপনরত মানুষদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চলে। এই ঘটনা নিয়ে ভারতের তরফ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে নিহতদের পরিবার প্রতি সমবেদনা রইল। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই খারাপ সময়ে অস্ট্রেলিয়ার পাশে আছে ভারত। সন্ত্রাসবাদের সঙ্গে কখনই আপোস করেনি ভারত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপকেই আমরা সমর্থন করি।
সিডনির বন্ডি বিচে বন্দুকবাজের হামলার পর পর ফের আন্তর্জাতিক স্তরে ইহুদিদের নিরাপত্তা প্রশ্নের মুখে। কয়েকমাস আগেই ইজরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। তবে নেতানিয়াহু আগেই হামাস সহ একাধিক জঙ্গি গোষ্ঠীকে সতর্ক করেছিলেন তিনি। তারপরেও অস্ট্রেলিয়ার মাটিতে ইহুদিদের ওপর হামলায় কী প্রতিক্রিয়া দিতে চলেছেন নেতানিয়াহু, এখন সেটাই দেখার।