Kalyan Chaubey: যুবভারতীতে মেসির থেকে বেশি দেখা গিয়েছিল ক্রীড়ামন্ত্রীকে, অরূপ বিশ্বাসকে খোঁচা কল্যাণ চৌবের

ক্রীড়ামন্ত্রীর তীব্র সমালোচনা কল্যাণের

বিশ্বমঞ্চে কলঙ্কিত হয়েছে কলকাতার নাম। গত শনিবার সকালে সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির (Lionel Messi) কনসার্টে যে বিশৃঙ্খলা হয়েছে, তারজন্য এবার কড়া পদক্ষেপ নিতে পারে এআইআইএফ। রবিবার সেই হুঁশিয়ারি দিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। কলকাতা তথা ভারতের নাম ডুবিয়েছে এই রাজ্যের ভিআইপি কালচার, এমনটাই দাবি বিজেপি নেতার। তিনি কার্যত নাম নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে তুলোধনা করেছেন।

কল্যাণের বক্তব্য, রাজ্যের ক্রীড়ামন্ত্রী যুবভারতীতে যতটা ফেম পেয়েছেন, ততটা মেসিও পাননি। উনি কনসার্টটিকে ব্যক্তিগত ইভেন্টে পরিণত করেছিলেন। যুবভারতীতে মেসির থেকে বেশি দেখা গিয়েছিল তাঁকে। আর সেই কারণেই জনতা ক্ষুব্ধ হয়েছেন। আগামী বছর রাজ্যে নির্বাচন, তার আগে মেসিকে নিয়ে নির্বাচনী প্রচার করেছেন উনি।

কল্যাণ আরও বলেন, খেলা কোনও দেশের সফট পাওয়ার। ২১১টি দেশে এই খবর ছড়িয়ে পড়েছে। এটা কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্ষতি নয়। বরং এটা আন্তজার্তিক স্তরে ভারতীয় খেলার ক্ষতি হল। ভারতীয় ফুটবল আরও ৫০ বছর পিছিয়ে গেল এই ঘটনার জন্য। আগামীদিনে কলকাতায় কোনও বড় ম্যাচ হবে কিনা, তা নিয়েও আশঙ্কাপ্রকাশ করেছেন কল্যাণ চৌবে।

প্রসঙ্গত, গতকাল সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক শতদ্রু দত্ত। তাঁর পরিচালনাতেই গোটা দেশে গোট কনসার্ট হচ্ছে। গত শনিবারই তাঁকে কলকাতা বিমানবন্দরে তাঁকে আটক করা হয়েছিল। যদিও তাঁর সংস্থার পরিচালনায় পরবর্তীকালে হায়দরাবাদে এবং রবিবার মুম্বইতেও মেসিকে নিয়ে কনসার্ট হয়েছে। সেগুলি সফলভাবে হলেও একমাত্র কলকাতাতেই এমন ঘটনা ঘটল।