দামি হচ্ছে মোবাইল ট্যারিফ?

বিশ্লেষকদের মতে, অত্যন্ত কম দামে ডেটা পাওয়ার সেই সময় ধীরে ধীরে শেষের দিকে।

সূচনা পল্যে, সাংবাদিক : আজকের দিনে ইন্টারনেট আর মোবাইল পরিষেবা আমাদের জীবনের একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজ থেকে শুরু করে পড়াশোনা, বিনোদন থেকে যোগাযোগ- সবকিছুই এখন নির্ভর করছে ইন্টারনেটের উপর। কিন্তু আগামী দিনে এই পরিষেবা ব্যবহার করা কি আরও ব্যয়বহুল হতে চলেছে? বিভিন্ন রিপোর্ট এবং বিশ্লেষকদের পূর্বাভাস বলছে, ২০২৬ সালের মধ্যে ভারতে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবার দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এর ফলে প্রভাব পড়তে পারে সাধারণ গ্রাহকদের উপর। বিশেষ করে যারা নিয়মিত মোবাইল ডেটা ব্যবহার করে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা বা সিরিজ দেখেন, তাদের খরচ আরও বাড়তে পারে। কেন বাড়তে পারে মোবাইল ট্যারিফ? কতটা বাড়তে পারে রিচার্জের দাম? এর প্রভাব কী পড়বে নেটফ্লিক্স বা প্রাইম ভিডিওর মতো প্ল্যাটফর্মে? সাধারণ গ্রাহকদের কী পরিবর্তন আনতে হতে পারে তাদের ব্যবহার অভ্যাসে?

মোবাইল ট্যারিফ বাড়ার সম্ভাবনা

বিশ্লেষকদের মতে, ভারতের বড় টেলিকম সংস্থাগুলি আগামী বছরগুলিতে মোবাইল ট্যারিফ বাড়াতে পারে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে- জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে মোবাইল রিচার্জের দাম প্রায় ১৬ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। টেলিকম সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই তুলনামূলকভাবে কম দামে ডেটা পরিষেবা দিয়ে আসছে। কিন্তু এখন তারা তাদের আয় বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ শব্দ—ARPU, অর্থাৎ Average Revenue Per User। এর অর্থ হল, প্রতি গ্রাহকের কাছ থেকে টেলিকম সংস্থা গড়ে কত আয় করছে। ভারতে এই ARPU এখনও অনেক উন্নত দেশের তুলনায় কম। তাই সংস্থাগুলি এখন ধীরে ধীরে ট্যারিফ বাড়িয়ে এই আয় বাড়ানোর পরিকল্পনা করছে।

সস্তা ডেটার যুগ কি শেষ?

ভারত একসময় বিশ্বের মধ্যে অন্যতম সস্তা ডেটা পরিষেবার দেশ হিসেবে পরিচিত ছিল। ২০১৬ সালে জিও বাজারে আসার পর ডেটার দাম নাটকীয়ভাবে কমে যায়। এর ফলে লক্ষ লক্ষ নতুন ব্যবহারকারী ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত হন। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। বিশ্লেষকদের মতে, অত্যন্ত কম দামে ডেটা পাওয়ার সেই সময় ধীরে ধীরে শেষের দিকে। টেলিকম সংস্থাগুলি এখন এমন মডেলের দিকে এগোচ্ছে যেখানে- ডেটার দাম কিছুটা বেশি হবে কিন্তু পরিষেবার গুণগত মান উন্নত হবে।

5G পরিষেবা আর বিনামূল্যে নয়

ভারতে এখন দ্রুত গতিতে 5G নেটওয়ার্ক ছড়িয়ে পড়ছে। বর্তমানে অনেক টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের বিনামূল্যে 5G পরিষেবা ব্যবহার করতে দিচ্ছে কিন্তু এই সুবিধা খুব বেশি দিন থাকবে না। বিশ্লেষকদের মতে, খুব শিগগিরই 5G পরিষেবা আলাদা প্ল্যানের মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ যারা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে চান, তাদের জন্য তুলনামূলকভাবে বেশি দামের রিচার্জ প্ল্যান নিতে হবে।

স্ট্রিমিং পরিষেবায় প্রভাব

মোবাইল ডেটার দাম বাড়লে তার প্রভাব সরাসরি পড়বে ভিডিও স্ট্রিমিংয়ের উপর। বর্তমানে অনেকেই মোবাইল ডেটা ব্যবহার করে- সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ স্পোর্টস দেখেন। বিশেষ করে HD এবং 4K মানের ভিডিও স্ট্রিমিং অনেক বেশি ডেটা ব্যবহার করে। যদি প্রতি জিবি ডেটার দাম বাড়ে, তাহলে এই ধরনের উচ্চমানের ভিডিও দেখা অনেকের জন্য ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

ওটিটি প্ল্যাটফর্মের কৌশল

এই পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মগুলিও তাদের ব্যবসায়িক কৌশল পরিবর্তন করতে পারে। অনেক টেলিকম সংস্থা এখন তাদের রিচার্জ প্ল্যানের সঙ্গে ওটিটি সাবস্ক্রিপশন বান্ডেল করে দিচ্ছে অর্থাৎ আপনি যদি একটি নির্দিষ্ট দামের রিচার্জ প্ল্যান নেন, তাহলে তার সঙ্গে- সিনেমা স্ট্রিমিং, মিউজিক অ্যাপ বা অন্যান্য ডিজিটাল পরিষেবা একসঙ্গে পাওয়া যায়। ভবিষ্যতে এই ধরনের বান্ডেল প্ল্যান আরও বাড়তে পারে।

নেটফ্লিক্সের সম্ভাব্য মূল্যবৃদ্ধি

ভিডিও স্ট্রিমিং সংস্থাগুলিও তাদের সাবস্ক্রিপশন ফি বাড়ানোর কথা ভাবছে। বিশেষ করে নেটফ্লিক্স ইতিমধ্যেই জানিয়েছে যে আগামী বছরগুলিতে তাদের সাবস্ক্রিপশন খরচ বাড়তে পারে। এর কারণ-


নতুন কনটেন্ট তৈরিতে বাড়তি খরচ
প্রযুক্তি উন্নয়ন
এবং প্রতি ব্যবহারকারীর আয় বাড়ানোর পরিকল্পনা

তাহলে কি মোবাইল ব্যবহার কঠিন হয়ে যাবে?

প্রশ্ন উঠতে পারে- মোবাইল ব্যবহার কি তাহলে খুব কঠিন হয়ে যাবে? বিশেষজ্ঞদের মতে, পরিষেবা বন্ধ হয়ে যাবে এমনটা নয়। কিন্তু ব্যবহারকারীদের মাসিক খরচ কিছুটা বাড়তে পারে। যদি কেউ আগের মতোই ডেটা ব্যবহার করতে চান, তাহলে তাকে হয়তো বেশি দামের রিচার্জ করতে হবে।

ব্যবহার অভ্যাসে পরিবর্তন

খরচ বাড়লে অনেক ব্যবহারকারী তাদের ইন্টারনেট ব্যবহারের অভ্যাসে কিছু পরিবর্তন আনতে পারেন। যেমন- মোবাইলে HD ভিডিও কম দেখা, Wi-Fi ব্যবহার বাড়ানো, ভিডিওর রেজোলিউশন কমিয়ে দেওয়া- এই ধরনের পদক্ষেপ নিলে ডেটা খরচ কিছুটা কমানো সম্ভব।

ইন্টারনেট অবকাঠামোর উন্নতি

তবে একটি ইতিবাচক দিকও রয়েছে। যখন ডেটার দাম বাড়ছে, তখন একই সঙ্গে দেশের ইন্টারনেট অবকাঠামোও দ্রুত উন্নত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের মধ্যে ভারতের প্রায় ৯০ শতাংশ এলাকায় 5G পরিষেবা পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি ভবিষ্যতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর ফলে দূরবর্তী এলাকাগুলিতেও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে যেতে পারে।

সব মিলিয়ে বলা যায়, আগামী কয়েক বছরে ভারতের ডিজিটাল বাজারে বড় পরিবর্তন আসতে চলেছে। একদিকে- মোবাইল ডেটার দাম বাড়তে পারে, রিচার্জ প্ল্যান কিছুটা ব্যয়বহুল হতে পারে অন্যদিকে- দ্রুতগতির ইন্টারনেট, উন্নত পরিষেবা এবং নতুন প্রযুক্তির ব্যবহার গ্রাহকদের জন্য নতুন সুযোগও তৈরি করবে। সুতরাং, ২০২৬ সালের দিকে এগোতে এগোতে ভারতের মোবাইল এবং ইন্টারনেট পরিষেবার বাজার একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছে। সস্তা ডেটার যুগ হয়তো ধীরে ধীরে শেষের দিকে। কিন্তু তার জায়গায় আসছে আরও উন্নত প্রযুক্তি এবং দ্রুতগতির সংযোগ। এখন দেখার বিষয় এই পরিবর্তনের সঙ্গে সাধারণ গ্রাহকরা কীভাবে নিজেদের মানিয়ে নেন।