ভোটাধিকার সুরক্ষার দাবিতে মিছিল

মিছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে মানবাধিকার সংগঠন Centre for Protection of Democratic Rights and Secularism (CPDRS)-এর জলপাইগুড়ি শাখা।

সুপ্রিয় বসাক, নিজস্ব সংবাদদাতা : বৈধ ভোটারদের ভোটাধিকার সুরক্ষার দাবিতে রাস্তায় নামল মানবাধিকার সংগঠন। বুধবার জলপাইগুড়ি শহরে এই দাবিকে সামনে রেখে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে মানবাধিকার সংগঠন Centre for Protection of Democratic Rights and Secularism (CPDRS)-এর জলপাইগুড়ি শাখা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমগ্র পশ্চিমবঙ্গে কয়েক লক্ষেরও বেশি মানুষ বর্তমানে নিজেদের ভোটাধিকার নিয়ে গভীর অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতির প্রভাব জলপাইগুড়ি জেলাতেও পড়েছে, যেখানে বহু বৈধ ভোটার একই সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে দাবি সংগঠনের।

এই প্রেক্ষাপটে এদিন শহরের সমাজপাড়া এলাকা থেকে একটি  মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এদিন   সংগঠনের পক্ষ থেকে জেলা নির্বাচন কমিশনার তথা জেলা শাসকের দপ্তরে  একটি স্মারকলিপি কর্মসূচী রয়েছে।

ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের মূল দাবি ছিল—সমস্ত বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রাখা এবং তাদের ভোটাধিকার সুনিশ্চিত করা। পাশাপাশি, যেসব বৈধ নাগরিক প্রশাসনিক জটিলতার কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের সমস্যার দ্রুত সমাধানেরও দাবি জানানো হয়। সংগঠনের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার একটি মৌলিক অধিকার। তাই কোনওভাবেই বৈধ ভোটারদের এই অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়। প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আন্দোলন আরও জোরদার করার ইঙ্গিতও দেন সংগঠনের সদস্যরা।