মুখ্যমন্ত্রীর ঘোষণার পর শুরু হল জোর চর্চা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সুন্দরবন জেলা হবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর শুরু হল জোর চর্চা। মিনাখাঁর সভা থেকে সুন্দরবন নিয়ে বড় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কোন এলাকা নিয়ে এই সুন্দরবন গঠিত হবে তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ ও উত্তর ২৪ পরগনার কিছু অংশ মিলিয়ে তৈরি হতে পারে এই জেলা। ফলে জেলার আকৃতি কেমন হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সুন্দরবন পুলিশ জেলা ইতিমধ্যেই তৈরি হয়েছে। কিন্তু এই পুলিশ জেলা ছাড়াও আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সুন্দরবন। নতুন জেলা হলে কিভাবে সবকিছু ঠিক করা হবে। সাধারণ মানুষজন কি পরিষেবা পাবে সেই সব নিয়েও প্রশ্ন রয়েছে।
ইতিমধ্যেই এই নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদার ও যুব সভাপতি তথা মথুরাপুরের এমপি বাপি হালদারের পক্ষ থেকে। তাঁরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন এর ফলে সুন্দরবনের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
এদিকে অনেকের মতে, হিঙ্গলগঞ্জ থেকে সাগর পর্যন্ত বিস্তৃত এই এলাকাকে নিয়ে আলাদা জেলা হলে প্রশাসনিক কাজে সুবিধার থেকে অসুবিধাই হবে বেশি। কারণ, যেখানেই জেলা সদর হোক না কেন, প্রান্তিক এলাকা থেকে সেখানে পৌঁছতে মানুষকে সমস্যায় পড়তে হবে।শেষ পর্যন্ত ঠিক কোন এলাকাকে নিয়ে সুন্দরবন জেলা তৈরি হয়, সে দিকে তাকিয়ে আছেন অনেকেই।