ঘড়ি ধরে সকাল ১০টা ১৫-এ অফিস ঢুকতে হবে কর্মীদের এবং মাঝে বিরতির সময় বেরিয়ে যাওয়া চলবে না।

মাম্পি রায়, সাংবাদিক : নবান্নের প্রশাসনিক শীর্ষপদে বদল ঘটতেই কড়া বার্তা দিলেন রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। মঙ্গলবার দায়িত্বভার গ্রহণের পরই সরকারি কর্মচারীদের উদ্দেশে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং নিয়ম মেনে কাজ করার বার্তা দিলেন তিনি। স্পষ্ট ভাষায় জানালেন, সরকারি কাজে কোনও ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না।
এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসেবে দায়িত্ব সামলেছেন মনোজ আগরওয়াল। প্রশাসনিক মহলের মতে, নির্বাচনী প্রক্রিয়া পরিচালনায় তাঁর দক্ষতা এবং কঠোর কর্মপদ্ধতির পরিচয় আগেই মিলেছিল। এ বার রাজ্যের সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদে বসেই সেই একই বার্তা তুলে ধরলেন তিনি।
দায়িত্ব নেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে নতুন মুখ্য সচিব বলেন, ‘‘প্রত্যেককে স্বচ্ছভাবে কাজ করতে হবে। সরকারি নিয়ম এবং আইন মেনে চলাটাই আমাদের প্রধান কর্তব্য।’’ একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, সরকারি ব্যবস্থার প্রতিটি স্তরের কর্মীই আসলে জনসেবার সঙ্গে যুক্ত। তাঁর কথায়, ‘‘পিয়ন থেকে শুরু করে চিফ সেক্রেটারি— সবাই সরকারি কর্মচারী। আমিও তার ব্যতিক্রম নই। এই সত্যিটা ভুলে গেলে চলবে না।’’
মনোজ আগরওয়াল আরও বলেন, সরকারি কোষাগারের অর্থ আসে সাধারণ মানুষের করের টাকা থেকে। তাই নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনও রকম শিথিলতা গ্রহণযোগ্য নয়। তাঁর বক্তব্য, ‘‘সাধারণ মানুষের করের টাকায় আমাদের বেতন হয়। তাই তাঁদের পরিষেবা দেওয়াটা আমাদের আবশ্যিক দায়িত্ব। সেখানে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।’’
মঙ্গলবার রাইটার্সের তরফে রাজ্য সরকারের ডেপুটি সেক্রেটারি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলেন। তাতে স্পষ্ট বলা হয়েছে, সমস্ত সরকারি কর্মীকে সকাল ১০টা ১৫-র মধ্যে বিভাগীয় দফতরে হাজিরা দিতে হবে। বিকেল ৫টা ১৫-র আগে কেউ অফিস থেকে বেরিয়ে যেতে পারবেন না। কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, প্রত্যেক দফতরের কাজ মসৃণভাবে যাতে হয়, তার জন্য এই সময় বেঁধে দেওয়া হল। দ্রুত তা কার্যকর করতে হবে।

ঘড়ি ধরে সকাল ১০টা ১৫-এ অফিস ঢুকতে হবে কর্মীদের এবং মাঝে বিরতির সময় বেরিয়ে যাওয়া চলবে না। বিকেল ৫টা ১৫ পর্যন্ত নিজের দফতরে থাকতেই হবে প্রত্যেক কর্মীকে। এই মুহূর্তে কাজের চাপ রয়েছে একাধিক দফতরে। সেই কাজ যাতে মসৃণভাবে শেষ হয়ে যায়, তার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। অর্থদফতর থেকে বিজ্ঞপ্তিটি জারি করেছেন রাজ্য সরকারের ডেপুটি সেক্রেটারি।
নবান্ন সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি পর্যালোচনায় একাধিক বৈঠক করতে পারেন নতুন মুখ্য সচিব। সেখানে সাধারণ মানুষের পরিষেবা আরও দ্রুত এবং স্বচ্ছ ভাবে পৌঁছে দেওয়ার রূপরেখা নিয়েও আলোচনা হতে পারে।