পূর্ণমন্ত্রী হিসেবে শপথগ্রহণকারীদের মধ্যে রয়েছেন তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংরাও।

মাম্পি রায়, সাংবাদিক: রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার বহুল প্রতীক্ষিত সম্প্রসারণ সম্পন্ন হল সোমবার। কলকাতার লোক ভবনে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য শপথ গ্রহণ করেন। ‘বন্দেমাতরম’ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকেরা এবং বিজেপির একাধিক শীর্ষ নেতা।
মুখ্যসচিব মনোজ আগরওয়াল নবনিযুক্ত মন্ত্রীদের নাম ঘোষণা করেন। এদিন ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথগ্রহণকারীদের মধ্যে রয়েছেন তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মণ, শারদ্বত মুখোপাধ্যায়, অরূপকুমার দাস, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, অজয় পোদ্দার এবং দুধকুমার মণ্ডল।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মালতি রাভা রায়, রাজেশ মাহাতো এবং ইন্দ্রনীল খাঁ। অন্যদিকে প্রতিমন্ত্রী পদে শপথগ্রহণকারীদের তালিকায় রয়েছেন অশোক দিন্দা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ারচাঁদ বাউড়ি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মণ, বিশাল লামা এবং দীপঙ্কর জানা।
অনুষ্ঠানে অধিকাংশ মন্ত্রীকেই দেখা যায় ধুতি-পাঞ্জাবি সহ ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে। অনেক নবনিযুক্ত মন্ত্রী পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। লোক ভবনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ-সহ দলের একাধিক নেতা।
উল্লেখ্য, গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন তাঁর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন এবং তাঁদের মধ্যে দপ্তর বণ্টনও সম্পন্ন হয়। সোমবারের সম্প্রসারণের ফলে রাজ্য মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াল ৪১।
তবে নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে কে কোন দপ্তরের দায়িত্ব পাবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। প্রশাসনিক সূত্রে খবর, আগামী বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টনের বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।