‘তৃণমূলীকরণ হবে না বিজেপির’

মমতার আন্দোলনের দিনই কড়া বার্তা শমীকের।

মাম্পি রায় ,সাংবাদিক : তৃণমূল কংগ্রেস থেকে কোনও নেতা বিজেপিতে যোগ দিতে পারবেন না। দল ক্ষমতায় এলেও ‘তৃণমূলীকরণ’ হতে দেওয়া হবে না। মঙ্গলবার কলকাতায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির দিনই শাসকদলকে নিশানা করে এমনই কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শমীক দাবি করেন, তৃণমূল থেকে নেতাদের আমদানি না করেই বিজেপি বাংলার রাজনীতিতে শক্তি বৃদ্ধি করেছে। তাঁর কথায়, ‘‘তৃণমূলের জন্য আমাদের দরজা বন্ধ। কাউকে আমদানি না করেই আমরা ২০৭-এ পৌঁছেছি। মানুষ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এ বার আমাদের রাজনৈতিক কৌশল নিচুতলা থেকে শুরু হয়েছে। যাঁদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে, তাঁদের দলে নেওয়ার প্রশ্নই ওঠে না। বিজেপির তৃণমূলীকরণ কোনও দিন হবে না।’’

শুধু দলবদল নয়, এ দিন তৃণমূলের রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর দাবি, এখন তৃণমূল নিজের সঙ্গেই লড়াই করছে। শমীকের বক্তব্য, পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যেই তৃণমূলকে প্রত্যাখ্যান করেছেন এবং দলের রাজনৈতিক পরিণতি প্রায় নির্ধারিত।

তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নেমে আন্দোলন করতে দেবেন না। তৃণমূল এখন এমন অবস্থায় পৌঁছেছে যে সাধারণ মানুষের সামনে দাঁড়ানোর সাহসও তাদের নেই।’’

প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার কলকাতার রানি রাসমণি রোডে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে দলীয় সাংসদদের উপর হামলার অভিযোগ ঘিরেই এই কর্মসূচি। তৃণমূলের দাবি, আক্রান্ত হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের অভিযোগ, তাঁর উপর ইট, পাথর ও ডিম ছোড়া হয়েছে এবং তিনি চোখে চোট পেয়েছেন। অন্য দিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, চণ্ডীতলা থানার কাছে তাঁর উপর ‘খুনের চেষ্টা’ হয়েছিল।

এই ঘটনার পর সোমবার এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিরোধী কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, কলকাতায় আন্দোলনের অনুমতি না মিললে দিল্লিতে গিয়ে প্রতিবাদ করবে তৃণমূল।

মমতার সেই মন্তব্যেরও পাল্টা জবাব দেন শমীক। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘‘দিল্লি যান, অ্যান্টার্কটিকায় যান বা মরুভূমিতে যান, তাতে কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছেন। তাদের খেলা শেষ।’’

এ দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।