সন্দীপনকে চোর স্লোগান, বিক্ষোভে টিবরেওয়াল

বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ, ‘চোর-চোর’ স্লোগানে উত্তাল এলাকা।

মাম্পি রায় , সাংবাদিক : তৃণমূল থেকে বহিষ্কৃত এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বৃহস্পতিবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বেলেঘাটা-এন্টালি সংলগ্ন এলাকা। ঝাঁটা ও জুতো হাতে সন্দীপন সাহা এবং তাঁর বাবা, এন্টালির প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির অভিযোগ তুলে সরব হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিক্ষোভ চলাকালীন ‘চোর-চোর’ এবং ‘বাবা চোর-বেটা চোর’ স্লোগানে তুলে চলে বিক্ষোভ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর একাংশ একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মিছিলে বিজেপি কর্মী-সমর্থকদেরও দেখা যায়। পরে মিছিলটি সন্দীপন সাহা ও স্বর্ণকমল সাহার বাড়ির সামনে পৌঁছয়। সেখানে মাইকিং করে তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হয়। বিক্ষোভকারীরা বাড়ির সামনে প্রতীকী প্রতিবাদ হিসেবে ঝাঁটা ও জুতো বেঁধে রাখেন এবং দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন এন্টালি কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কিছু সময় অবস্থান করেন। তবে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে কাটমানি আদায়, বিভিন্ন নির্মাণ প্রকল্পে আর্থিক অনিয়ম, ফ্ল্যাট ও বাড়ি সংক্রান্ত বিবাদে হস্তক্ষেপ এবং অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে সন্দীপন ও স্বর্ণকমলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগগুলির কোনওটিরই এখনও আদালতে প্রমাণ হয়নি। বিক্ষোভকারীদের দাবি, বহু মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও এতদিন ভয়ের কারণে প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। পরিস্থিতি বদলাতেই তাঁরা প্রতিবাদে সামিল হয়েছেন।

বিক্ষোভ চলাকালীন সন্দীপন সাহা বা স্বর্ণকমল সাহাকে বাড়িতে দেখা যায়নি। তাঁদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাজ্যের রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিরতার মধ্যেই এই ঘটনা ঘটল। বুধবার তৃণমূলের পরিষদীয় দলে বড়সড় ভাঙনের পর ৫৯ জন বিদ্রোহী বিধায়কের সমর্থনে বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandyopadhyay)। তার আগেই বিধানসভার স্পিকারের কাছে তৃণমূল বিধায়কদের সই জালিয়াতির অভিযোগ জানানোকে কেন্দ্র করে সোমবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলে ভাঙনের আবহে সন্দীপন সাহার বাড়ির সামনে এই বিক্ষোভ নিছক স্থানীয় ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি বৃহত্তর রাজনৈতিক সংঘাতের অংশ— তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।