‘ডেড বডি ফেলে দিলেও পথ বদলাব না’

কলকাতায় ডিম-কাণ্ডের পর বিজেপিকে কড়া বার্তা কুণাল ঘোষের।

মাম্পি রায়, সাংবাদিক : ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ল রাজ্যে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর হামলার ঘটনার পর বিজেপির বিরুদ্ধে সরব হলেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ভয় দেখিয়ে তাঁকে রাজনৈতিক অবস্থান থেকে সরানো যাবে না। তাঁর কথায়, ‘‘পাথর মারলে মারুন, বোম মারলে মারুন, ডেডবডি ফেলে দিলেও আমি এই পথ দিয়েই যাবো।’’

মঙ্গলবার সমাজমাধ্যম এক্স-এ দীর্ঘ পোস্ট করে কুণাল ঘোষ দাবি করেন, ঘটনার সময় পুলিশ কার্যত দর্শকের ভূমিকা নিয়েছিল। সাংবাদিকদের অনুরোধে তিনি একা দাঁড়িয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন। অভিযোগ সেই সময়ই তাঁর দিকে ডিম ছোড়া হয়। কটাক্ষের সুরে তিনি লেখেন, ‘‘ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা একজন নিরস্ত্র মানুষকে লক্ষ্য করে ডিম ছোড়া— এ কেমন বীরত্ব?’’

ঘটনার পরেও একটুও বিচলিত হননি বলে দাবি করেন কুণাল ঘোষ। রাতেই একা কালীঘাট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর কথায়, ‘‘কিছু অসভ্য লোক জড়ো হয়েছিল। কিন্তু তাদের কোনও গুরুত্ব দিইনি।’’

একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, অতীতে রাজনৈতিক মতভেদ সত্ত্বেও বিরোধীদের পাশে দাঁড়িয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার সময় একাধিক বিজেপি কর্মী ও নেতার উপর আক্রমণের প্রতিবাদ করেছিলেন বলেও দাবি করেন তিনি। বিজেপি নেতা সজল ঘোষ ও কৌস্তভ বাগচীর প্রসঙ্গ টেনে কুণাল বলেন, ‘‘তখনও অন্যায় মনে হয়েছিল বলে প্রতিবাদ করেছিলাম। আজও একই নীতি মেনে চলি।’’

তবে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার কথাও স্পষ্ট করেছেন তিনি। তাঁর বক্তব্য, বেলঘরিয়ার মানুষের স্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন এবং একই সঙ্গে নিজের দলের ভুলত্রুটি সংশোধনের চেষ্টাও করবেন।

এর আগে কুণাল অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গ পুলিশের ‘ইচ্ছাকৃত ব্যর্থতা’র কারণেই এই ঘটনা ঘটেছে। তাঁর দাবি, বিজেপির মদতেই হামলাকারীরা কাজ করেছে। থানায় দায়ের করা অভিযোগে তিনি ‘চন্দন’ নামে এক ব্যক্তিকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন। অভিযোগপত্রে কুণালের দাবি, এটি শুধু ডিম ছোড়ার ঘটনা নয়, তাঁর উপর আরও বড় হামলার ষড়যন্ত্রের অংশও হতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন কুণাল। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়ই হামলার ঘটনা ঘটে বলে তাঁর দাবি। ঘটনার নিন্দা করে তিনি বলেন, ‘‘এ ধরনের ঘটনা আমাকে থামাতে পারবে না। আমি কাউকে ভয় পাই না।’’