এশিয়ান গেমসের হরমনপ্রীতের নেতৃত্বে ভারত

এশিয়ান গেমসে সোনা ধরে রাখার লড়াই, মুখরক্ষা হবে ভারতের?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ভারতীয় মহিলা ক্রিকেট দলের সামনে এশিয়ান গেমসে সোনার পদক ধরে রাখার চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই ২০২৬ সালের এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ডের মহিলা নির্বাচক কমিটি। আগামী সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আগের বার চিনের হাংঝৌ এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। ফলে এ বার তারা নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে।

দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়ক করা হয়েছে স্মৃতি মন্ধানাকে। নির্বাচকদের ঘোষিত দলে অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার মিশেল দেখা গিয়েছে। ব্যাটিং বিভাগে রয়েছেন শেফালি বর্মা, জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা এবং উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন জি. কামালিনী।

বোলিং বিভাগেও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন নির্বাচকেরা। দলে রয়েছেন রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব এবং ভারতী ফুলমালি। স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে রাখা হয়েছে শ্রী চারণী, শ্রেয়াঙ্কা পাটিল এবং নন্দিনী শর্মাকে। তবে বোর্ড জানিয়েছে, শ্রেয়াঙ্কার অন্তর্ভুক্তি সম্পূর্ণ ভাবে তাঁর ফিটনেস পরীক্ষার ছাড়পত্রের উপর নির্ভর করবে।

এশিয়ান গেমসের দল ঘোষণার মধ্যেই অবশ্য ভারতীয় মহিলা দলের জন্য এসেছে বড় ধাক্কা। লন্ডনের লর্ডসে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ভারত। সেই জয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান তোলে। অধিনায়ক হরমনপ্রীত মাত্র ২৭ বলে ঝোড়ো ৫৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল একাধিক দৃষ্টিনন্দন বাউন্ডারি। পাশাপাশি স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মাও গুরুত্বপূর্ণ রান যোগ করেন। তবে সেই সংগ্রহও শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু এলিস পেরি এবং অ্যাশলি গার্ডনারের অপরাজিত অর্ধশতরানের জুটিতে ম্যাচের মোড় ঘুরে যায়। ১৯তম ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর এশিয়ান গেমস ভারতের সামনে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে। হরমনপ্রীতের নেতৃত্বে সোনার পদক ধরে রাখার লক্ষ্যেই জাপানে নামবে ভারতীয় দল।