শুভেন্দু-শিবরাজ বৈঠকে নয়া দিশা!

কৃষি ও গ্রামোন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিবরাজ, পাটচাষিদের সঙ্গেও কথা বলবেন কেন্দ্রীয় মন্ত্রী

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রাজ্যে কৃষি ও গ্রামোন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ তথা গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ১৩ ও ১৪ জুলাইয়ের এই সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি পাটচাষি এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গেও সরাসরি মতবিনিময় করবেন তিনি।

রবিবার সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতায় পৌঁছে সরাসরি মুখ্যমন্ত্রীর বাসভবনে যাবেন শিবরাজ। সেখানে নৈশভোজের বৈঠকে কৃষি, কৃষককল্যাণ, গ্রামীণ সড়ক, আবাসন এবং কর্মসংস্থান-সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের মধ্যে আলোচনা হওয়ার কথা।

সোমবার সকালে কলকাতার নতুন সচিবালয় ভবনে উচ্চপর্যায়ের বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, সংশ্লিষ্ট দফতরের শীর্ষ আধিকারিকেরা এবং কেন্দ্রের কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিরা। বৈঠকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী কৃষি ধন-ধান্য যোজনা, ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), গ্রামীণ সড়ক, আবাসন এবং পঞ্চায়েতে বরাদ্দ অর্থ-সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হবে। ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা।

বিকেলে ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট ও সংশ্লিষ্ট তন্তু গবেষণা প্রতিষ্ঠান (আইসিএআর-স্রিজাফ)-এ যাবেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে পাটচাষিদের কাছ থেকে পচন প্রক্রিয়া, জলের সমস্যা, রোগ-পোকার আক্রমণ, উৎপাদন খরচ এবং ন্যায্য মূল্য নিয়ে সরাসরি মতামত শুনবেন তিনি। পাশাপাশি বিজ্ঞানীরা উন্নতমানের পাটের জাত, আধুনিক পচন প্রযুক্তি, জল সংরক্ষণ এবং সহজ বিপণন পদ্ধতি সম্পর্কে চাষিদের পরামর্শ দেবেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাটভিত্তিক ক্ষুদ্র শিল্প গড়ে তুলে মূল্য সংযোজনের মাধ্যমে আয় ও কর্মসংস্থান বৃদ্ধির দিকেও উৎসাহিত করা হবে বলে জানানো হয়েছে।