স্কুলে মিড-ডে মিলেও বাড়ল খরচ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের মান উন্নত করা এবং স্কুলপড়ুয়া শিশুদের আরও পুষ্টিকর আহার নিশ্চিত করতে খাদ্য বাবদ বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাতে শিক্ষা দফতরে বৈঠকের পর এক্স হ্যান্ডলে বিবৃতি এবং সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আগামী ১ অগস্ট থেকে নতুন হার কার্যকর হবে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের দৈনিক খাদ্য বরাদ্দ ৫৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই হাসপাতালের খাবারের মান নিয়ে প্রশ্ন উঠছিল। মূল্যবৃদ্ধির বাজারে পুরনো বরাদ্দে সুষম ও মানসম্মত খাবার দেওয়া কঠিন হয়ে পড়ছিল বলে স্বাস্থ্যদফতরের একাংশের মত। নতুন বরাদ্দে রোগীরা আরও উন্নত ও পুষ্টিকর খাদ্য পাবেন বলে সরকারের আশা।
অন্যদিকে, পিএম পোষণ প্রকল্পের আওতায় প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্যও খাদ্য বাবদ ব্যয় বাড়ানো হয়েছে। এতদিন যেখানে পড়ুয়াপিছু দৈনিক বরাদ্দ ছিল ৬ টাকা ৭৮ পয়সা, তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। অতিরিক্ত ৩ টাকা ২২ পয়সার সম্পূর্ণ ব্যয় বহন করবে রাজ্য সরকার। সরকারের দাবি, শিশুদের পুষ্টির মান বৃদ্ধি এবং বিদ্যালয়ে পরিবেশিত খাবারের গুণগত মান উন্নত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ। তাঁর বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির জেরে আগের বরাদ্দে পরিষেবার মান বজায় রাখা কঠিন হয়ে উঠেছিল। তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালের রোগীদের খাদ্য বরাদ্দ এবং স্কুলের খাবারের খরচ শেষবার সংশোধন করা হয়েছিল ২০১৭ সালে। প্রায় ন’ বছর পর সেই হার বাড়ানো হল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দু’মাসের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় স্বাস্থ্য ও শিক্ষা—দুই ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে প্রশাসন।