সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা এনজো ফার্নান্ডেজের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : আটলান্টায় রুদ্ধশ্বাস লড়াই। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের জয়ের কৃতিত্ব সমর্থকদের উৎসর্গ করলেন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, এই জয় গোটা আর্জেন্টিনার মানুষের জন্য এবং দল আবারও ইতিহাস গড়েছে।
প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে দেয় লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা। শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছেড়ে আক্রমণ চালিয়ে যায় আলবিসেলেস্তেরা। ম্যাচের ৮৫ মিনিটে মেসির বাড়ানো বল থেকে দুর্দান্ত গোল করে সমতা ফেরান এনজো। সেই গোলেই নতুন করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে আর্জেন্টিনা।
অতিরিক্ত সময়ে আবারও জাদু দেখান মেসি। তাঁর নিখুঁত পাস থেকেই জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার ফুটবলার ও সমর্থকেরা। টানা দ্বিতীয় বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে আরও একবার নিজেদের শক্তির প্রমাণ দিল স্কালোনির দল।
জয়ের পর ইনস্টাগ্রামে এনজো লেখেন, “সমস্ত গৌরব ঈশ্বরের। আর্জেন্টিনার মানুষ, এই জয় আপনাদের জন্য। আমরা সবাই এই ম্যাচ জিততে চেয়েছিলাম এবং আবারও ইতিহাস গড়লাম। এই দল আরও একটি ফাইনালে উঠেছে। আমরা একসঙ্গে সব কিছু জিততে লড়ব। নিউ ইয়র্কে দেখা হবে।”
এই জয়ে বড় ভূমিকা রয়েছে লিওনেল মেসির। দুটি গোলেই তাঁর অ্যাসিস্ট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ইংল্যান্ড প্রথমে এগিয়ে থাকলেও শেষ দিকে আর্জেন্টিনার ধারাবাহিক আক্রমণের সামনে ভেঙে পড়ে তাদের রক্ষণ।
আগামী ১৯ জুলাই নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্য দিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড। মেসিদের শিরোপা ধরে রাখার স্বপ্ন এখন আর মাত্র এক ধাপ দূরে ।