দক্ষিণ কলকাতায় দুর্গাপুজোর নতুন ঠিকানা!

প্রথম বার ‘সাউথ সিটি দুর্গোৎসব’-এর সূচনা খুঁটিপুজোয়

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে এ বার যোগ হতে চলেছে নতুন এক নাম। রথযাত্রার শুভক্ষণে খুঁটিপুজোর মাধ্যমে প্রথম বারের জন্য ‘সাউথ সিটি দুর্গোৎসব ২০২৬’-এর সূচনা করল সাউথ সিটি মল। উদ্যোক্তাদের দাবি, এটি শুধু একটি নতুন পুজো নয়, বরং বাংলার দুর্গোৎসবের ঐতিহ্য, ইতিহাস ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক উদ্যোগ।

বৃহস্পতিবার আয়োজিত খুঁটিপুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হল প্রস্তুতি। ঢাকের বাদ্যি, ‘মহিষাসুরমর্দিনী’-র আবৃত্তি এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আবহ তৈরি হয়। আয়োজকদের বক্তব্য, আগামী কয়েক মাস ধরে চলবে শিল্পকর্ম নির্মাণের কাজ। দুর্গাপুজোর সময় সাউথ সিটি মলকে এক অনন্য সাংস্কৃতিক পরিসরে রূপান্তরিত করা হবে, যেখানে বাংলার শিল্প, ঐতিহ্য এবং উৎসবের আবেগ একসঙ্গে ধরা পড়বে।

এ বারের পুজোর ভাবনা শিল্পী শুভঙ্কর দত্তের। থিমের নাম ‘যাত্রা’। দুর্গাপুজোর দীর্ঘ ঐতিহাসিক পথচলা, সমাজ-সংস্কৃতির বিবর্তন এবং মানুষের মিলনমেলার চিরন্তন ঐতিহ্যকে এই ভাবনার মাধ্যমে তুলে ধরা হবে। উদ্যোক্তাদের মতে, বিশ্বজুড়ে দুর্গাপুজো আজ কলকাতার পরিচয়ের অন্যতম প্রতীক হলেও, এই উৎসবের শিকড় ও বিবর্তনের ইতিহাস অনেকের কাছেই অজানা। সেই ইতিহাসকেই নতুনভাবে তুলে ধরাই এ বারের মূল লক্ষ্য।

সাউথ সিটি মলের কর্তৃপক্ষের আশা, প্রথম বছরের এই উদ্যোগ ভবিষ্যতে কলকাতার অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজো হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে। শুধু প্রতিমা দর্শন নয়, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এবং বাঙালির আবেগকে এক সুতোয় গেঁথে দর্শকদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শহরের বনেদি ও জনপ্রিয় পুজোগুলির পাশাপাশি নতুন এই উদ্যোগ কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।