রাজ্যে পালাবদলের পর থেকে স্রেফ তৃণমূল নেতাদেরই লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছিল। এবার ডিম হামলার মুখে নিউটাউনের প্রভাবশালী বিজেপি নেতা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ফ্ল্যাট দখলের অভিযোগে পুলিশের জালে নিউটাউনের প্রভাবশালী বিজেপি নেতা বরুণ বিশ্বাস। পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় চলল ডিম থেরাপিও। ধৃত বিজেপি নেতা বরুণ বিশ্বাস। জানা গিয়েছে, নিউটাউনের বেশ প্রভাবশালী বিজেপি নেতা তিনি। ওই এলাকার একটি বিলাসবহুল আবাসনে বৃদ্ধার ফ্ল্যাট দখল করে বসবাসের অভিযোগ ছিল ওই বিজেপি নেতার বিরুদ্ধে। বৃদ্ধা অনিতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বরুণ বিশ্বাস ফ্ল্যাট নেন। রিনিউ করাও হয়।
তবে মাসদুয়েক আগেই বিজেপি নেতাকে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। তবে বিজেপি নেতা দাবি করেন তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। তাই কিছুটা সময় দিতে হবে। সেক্ষেত্রে বিজেপি নেতা প্রায় ৫ বছর সময় চান বলেই দাবি বৃদ্ধার। ইতিমধ্যে আর ভাড়াটিয়ার সঙ্গে চুক্তিপত্র রিনিউ না হওয়ায় ভাড়া নেননি বলেই জানান বৃদ্ধা। ২০১৯ সালে মার্চ মাস থেকে আর এক পয়সাও ভাড়া পাননি বৃদ্ধা। বর্তমানে বকেয়া ভাড়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। ওই বৃদ্ধা সোসাইটিকে জানান। বিজেপি নেতাকে ঘর ছাড়ার কথা বলা হয়। তবে বিজেপি নেতা ঘর ছাড়েননি বলেই অভিযোগ।