জাঁকজমকপূর্ণ আয়োজনে গোবিন্দপুরের স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউটে শুরু হল ‘অল বেঙ্গল চেস প্রতিযোগিতা’।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: আজ গোবিন্দপুরের স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অডিটোরিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে রাজ্যস্তরীয় ‘অল বেঙ্গল চেস প্রতিযোগিতা’। বারুইপুর চেস একাডেমির অধীনে ‘একাডেমি চেস এক্সিলেন্স’ এবং ‘নাইট চেস একাডেমি’র যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এদিনের এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট প্রতিভাবান দাবাড়ুরা অংশ নিয়েছে। আয়োজকদের সূত্রে জানা গেছে, বর্ধমান, আসানসোল, হাওড়া, মেদিনীপুর ও বনগাঁ সহ বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা তাদের বাবা-মায়ের সাথে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে।
ছোটদের মধ্যে দাবা খেলার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের মেধা বিকাশের সুযোগ করে দিতে এই প্রতিযোগিতায় মূলত ৭, ৯, ১১, ১৩ এবং ১৭ বছর বয়স পর্যন্ত ছেলে-মেয়েরা বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অডিটোরিয়ামের পূর্ণ সহযোগিতায় এবং আয়োজকদের সুচারু ব্যবস্থাপনায় টুর্নামেন্টের প্রথম দিন থেকেই এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছোট ছোট প্রতিযোগী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।