প্রধানমন্ত্রীর কাছে আবেগপ্রবণ মীরাবাই চানু

‘জাতীয় সঙ্গীত বাজতেই চোখে জল’, মোদীকে নিজের লড়াইয়ের কথা বললেন মীরাবাই চানু।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে সোনা জয়ের মুহূর্তে কেন চোখে জল এসেছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্নের জবাবে নিজের দীর্ঘ লড়াইয়ের কথা শোনালেন মীরাবাই চানু। চোট, পারিবারিক সমস্যা এবং এক কিলোগ্রামের জন্য প্যারিস অলিম্পিক্সে পদক হাতছাড়া হওয়ার যন্ত্রণা— সব মিলিয়ে গ্লাসগোয় সোনার পদক হাতে জাতীয় পতাকা উঠতে দেখে আবেগ সামলাতে পারেননি ভারতীয় ভারোত্তোলনের তারকা।

রবিবার নিজের বাসভবনে কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন মোদী। সেখানেই চানুর সঙ্গে তাঁর কথা হয়। পরে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে চানু লেখেন, কিছু কথোপকথন শুধু কথার জন্য মনে থাকে না, তার সঙ্গে জড়িয়ে থাকে আবেগও। প্রধানমন্ত্রীর কাছ থেকে নিজের যাত্রাপথ ও দেশের প্রতি ভালবাসার স্বীকৃতি পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান।

মোদী জানতে চান, গ্লাসগোয় সোনা জয়ের পর কেন কেঁদেছিলেন চানু। জবাবে ভারতীয় ভারোত্তোলক বলেন, গত কয়েক বছরে একের পর এক চোট এবং পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। প্যারিস অলিম্পিক্সে মাত্র এক কিলোগ্রামের জন্য পদক হাতছাড়া হওয়ার যন্ত্রণাও মনের মধ্যে ছিল। তাই গ্লাসগোয় পোডিয়ামে উঠে জাতীয় পতাকা উঠতে এবং জাতীয় সঙ্গীত বাজতে দেখে আবেগ ধরে রাখতে পারেননি।

গ্লাসগোয় ৪৮ কেজি বিভাগে সোনা জিতে তৃতীয় বার কমনওয়েলথ গেমসে সেরা হন চানু। এর আগে ২০১৮ সালে ৪৮ কেজি এবং ২০২২ সালে ৪৯ কেজি বিভাগেও সোনা জিতেছিলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে অলিম্পিক্সে রুপো, বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি পদক, যার মধ্যে ২০১৭ সালের সোনা এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ।

গ্লাসগোয় ভারত ১৩টি সোনা-সহ মোট ৩৯টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। এ বার ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্বও ভারতের হাতে আসার পথে। আহমেদাবাদে শতবর্ষের বিশেষ কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র।