কলকাতায় ফের দৌড়ের মহোৎসব

নতুন দশকে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : এক দশকের সাফল্য পেরিয়ে নতুন সম্ভাবনার নতুন দশকে পা রাখল টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা। আগামী ২০ ডিসেম্বর, রবিবার ঐতিহ্যবাহী রেড রোড থেকে শুরু হবে বিশ্বের প্রথম World Athletics Gold Label 25K দৌড়ের ১১তম সংস্করণ। Procam International-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উন্মাদনা। বৃহস্পতিবার, ১৩ আগস্ট সকাল ৭টা থেকে ২৫কে-সহ বিভিন্ন বিভাগের রেজিস্ট্রেশন শুরু হবে।

গত এক দশকে কলকাতার এই দৌড় শুধুমাত্র প্রতিযোগিতা হিসেবে সীমাবদ্ধ থাকেনি। স্বাস্থ্যকর জীবনযাপন, ফিটনেস, মহিলাদের অংশগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে তা একটি বৃহত্তর আন্দোলনের রূপ নিয়েছে। নতুন দশকে সেই প্রভাব আরও বাড়ানোর লক্ষ্য আয়োজকদের। এ বারও দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আন্তর্জাতিক স্তরের অ্যাথলিটদের অংশগ্রহণে শহর ফের হয়ে উঠবে দৌড়ের আন্তর্জাতিক মঞ্চ।

অনুষ্ঠানে পদ্মশ্রী বাইচুং ভুটিয়া বলেন, দৌড় শৃঙ্খলা, দৃঢ়সংকল্প এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা শেখায়। আরও বেশি তরুণকে খেলাধুলার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। অভিনেত্রী স্বস্তিকা দত্তের কথায়, এই দৌড় কলকাতার মানুষ, পরিবার এবং সমাজের একসঙ্গে এগিয়ে চলার উদযাপন। বিশেষ করে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ তাঁকে অনুপ্রাণিত করে বলেও জানান তিনি।

এ বারের প্রতিযোগিতায় নতুন সংযোজন PLAYSCAPE। মুভমেন্ট, ওয়েলনেস, ইনোভেশন, লাইফস্টাইল ও কমিউনিটিকে এক ছাতার তলায় এনে প্রথাগত রেস এক্সপোর ধারণাকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা হয়েছে। রানার্সদের জন্য থাকছে বিশেষ ‘Medal of Steel’। প্রথমবারের অংশগ্রহণকারীদের দেওয়া হবে বিশেষ ডিজাইনের Race Bib। পরিবারকে একসঙ্গে দৌড়ের উৎসবে যুক্ত করতে চালু হচ্ছে ‘Home Run Squad’। পাশাপাশি ১৮-২১ বছর বয়সিদের জন্য ‘Good for Youth’ এবং ৬৫ বছর বা তার বেশি বয়সিদের জন্য ‘Good for Silvers’ বিভাগ রাখা হয়েছে।

এ বার প্রতিযোগিতার সঙ্গে Powered by Partner হিসেবে যুক্ত হয়েছে AMARON। Airline Partner হিসেবে থাকছে Air India Express। রানার্সদের জন্য ‘Runner’s Passport’ চালু করছে সংস্থাটি। ‘Run CCU, Fly Xpress’ উদ্যোগে RUNCCU কোড ব্যবহার করে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিমানের ভাড়ায় ছাড় পাওয়া যাবে।

২৫কে, Open 10K, Ananda Run, Senior Citizen Run এবং Champions with Disability Run-এর অন-গ্রাউন্ড রেজিস্ট্রেশন শুরু হবে ১৩ আগস্ট সকাল ৭টায়। ২৫কে বিভাগে অংশগ্রহণের জন্য বৈধ Timing Certificate বাধ্যতামূলক। ২৫কে, Open 10K এবং 5K-এর Virtual Run-এর রেজিস্ট্রেশনও একই সময়ে শুরু হবে।

আয়োজকদের আশা, নতুন দশকে আরও বেশি মানুষকে দৌড়ের সঙ্গে যুক্ত করে কলকাতার ক্রীড়াপ্রাণ পরিচয়কে আরও উজ্জ্বল করে তুলবে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে।