কমনওয়েলথ ফেন্সিংয়ে সোনা শ্রুতি জোশীর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জয়ের পর এ বার দলগত ইভেন্টে সোনা। নাইজেরিয়ার লাগোসে আয়োজিত ২০২৬ কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়লেন সিআইএসএফ-এর ক্রীড়াবিদ শ্রুতি জোশী। মহিলাদের টিম সাবরে ইভেন্টে ভারতকে সোনা এনে দিলেন তিনি। এর ফলে চলতি প্রতিযোগিতায় তাঁর ব্যক্তিগত পদকসংখ্যা দাঁড়াল দুইয়ে।
৯ অগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১৪ অগস্ট পর্যন্ত। কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ফেন্সাররা অংশ নিয়েছেন এই আন্তর্জাতিক আসরে। মহিলাদের ব্যক্তিগত সাবরে ইভেন্টে ইতিমধ্যেই ব্রোঞ্জ জিতেছিলেন শ্রুতি। এ বার দলগত ইভেন্টে সোনার পদক জিতে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন তিনি।
শ্রুতির সাফল্যে গর্বিত সিআইএসএফ কর্তৃপক্ষ। বাহিনীর তরফে জানানো হয়েছে, ক্রীড়াবিদদের নিয়মিত প্রশিক্ষণ, পেশাদার কোচিং এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা দেওয়া হয়। সিআইএসএফ ফেন্সিং কোচিং টিমের কোচ গৌরব কুমারের প্রশিক্ষণ ও নির্দেশনাও শ্রুতির সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
শ্রুতির পাশাপাশি চলতি প্রতিযোগিতায় আরও এক সিআইএসএফ ক্রীড়াবিদ পদক জিতেছেন। হরিয়ানার অন্নু প্রিয়া মহিলাদের ব্যক্তিগত এপি ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন। ফলে দুই ক্রীড়াবিদের সাফল্যে আন্তর্জাতিক মঞ্চে সিআইএসএফ-এর নাম উজ্জ্বল হয়েছে।
শ্রুতির সাফল্যে তাঁকে, কোচিং টিম এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন সিআইএসএফ-এর ডিরেক্টর জেনারেল এবং বাহিনীর পদস্থ আধিকারিকরা। আগামী প্রতিযোগিতাগুলিতেও তাঁর সাফল্যের ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।