সাগর ব্লক অফিসে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে উদযাপিত ৪০তম স্বাধীনতা দিবস।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সাগরে বর্ণাঢ্য অনুষ্ঠান ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকার অবয়ব, দেশাত্মবোধক গান এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লক অফিসে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে উদযাপিত হলো ৮০ তম স্বাধীনতা দিবস। বর্ণাঢ্য অনুষ্ঠান ও একাধিক জনমুখী কর্মসূচির মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখে ব্লক প্রশাসন। শনিবার সকালে নির্ধারিত সময়ে সাগর ব্লক চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত কুমার গোস্বামী। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গেই উপস্থিত সকলে মিলে সমস্বরে জাতীয় সংগীত গেয়ে দেশমাতাকে শ্রদ্ধা জানান। এদিনের এই বিশেষ ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে ব্লক প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি ও পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা উত্তোলনের পর বিডিও অনন্ত কুমার গোস্বামী স্থানীয় খুদিগুড়িয়ায় অবস্থিত শহীদ বেদীতে পৌঁছান। সেখানে তিনি শহীদ বেদীতে সশ্রদ্ধ মাল্যদান করে দেশের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের স্মরণে কিছু সময় নীরবতাও পালন করা হয়। অনুষ্ঠানের অন্য একটি আকর্ষক পর্বে স্বাধীনতা দিবসের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এলাকার ছাত্রছাত্রীদের হাতে কেক ও চকলেট তুলে দেওয়া হয়। বিডিও-র হাত থেকে উপহার পেয়ে খুদে পড়ুয়াদের মুখগুলো আনন্দে চকচক করে ওঠে। তাদের এই সাবলীল মুখের হাসি ও উল্লাস সমগ্র অনুষ্ঠানটিকে আরও অনেক বেশি প্রাণবন্ত ও বর্ণময় করে তোলে। প্রশাসন সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের এই তাৎপর্য তরুণ প্রজন্মের মনে দেশপ্রেমের বীজ বপন করতে সাহায্য করে। এদিনের সমগ্র অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্লক প্রশাসনের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাগর দ্বীপের সাধারণ মানুষ।