নেপালকে সমস্ত সাহায্যের আশ্বাস ভারতের

নেপালের বন্যায় নজর ভারতের, ‘সব রকম সাহায্য’, ২৪ ঘণ্টার হেল্পলাইন দিল্লির।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপালের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারত। প্রতিবেশী দেশটিকে সব রকম সাহায্য করার পাশাপাশি সেখানে আটকে পড়া ভারতীয়দেরও খোঁজ নেওয়া হচ্ছে বলে শনিবার জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তাঁর কথায়, নেপাল সরকারের প্রয়োজন ও নির্দেশ অনুযায়ীই ত্রাণ ও উদ্ধার সংক্রান্ত সহযোগিতা করা হচ্ছে।

গোন্ডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কীর্তি বর্ধন সিং জানান, বিপর্যয়ের খবর পাওয়ার পরই নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করে। এর মাধ্যমে দুর্গত এলাকায় পরিস্থিতির উপর নজরদারি, সাহায্যপ্রার্থীদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে।

ভারতের তরফে একাধিক বার বিশেষ বিমানে নেপালে চিকিৎসা সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় ত্রাণ পাঠানো হয়েছে বলেও জানান বিদেশ প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘নেপাল সরকারের নির্দেশনা মেনেই সম্ভাব্য সব ধরনের সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে।’’

শুধু নেপালের ভিতরেই নয়, সীমান্ত এলাকাতেও সতর্কতা বাড়িয়েছে ভারত। কীর্তি জানান, উত্তরপ্রদেশ-বিহার সীমান্ত-সহ বিভিন্ন এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-কে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে যাতে দ্রুত পদক্ষেপ করা যায়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। প্রয়োজন পড়লে সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের দ্রুত সরিয়ে নেওয়ার বিষয়টিও নজরে রাখা হচ্ছে।

এ দিকে, নেপালের ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পঞ্জাব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অমরিন্দর সিং রাজা ওয়ারিং। তাঁর কথায়, বন্যাকবলিত নেপাল থেকে আসা ছবিগুলি ‘‘হৃদয়বিদারক’’। বিপর্যয়ে বেশ কয়েক জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলেও উল্লেখ করে সরকার ও বিভিন্ন সংগঠনকে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।

শনিবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলও ভারতের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। ২৬ অগস্টের ভয়াবহ হড়পা বানে এখনও পর্যন্ত ৬২৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ভারতীয় নাগরিকদের জন্যও শোকপ্রকাশ করেছেন নেপালের প্রেসিডেন্ট।