নিউ জিল্যান্ড সিরিজ় নিয়ে পরিকল্পনা ভারতের

আসন্ন নিউ জিল্যান্ড সিরিজ়কে সামনে রেখে এখন থেকেই বিশেষ পরিকল্পনা শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্ট ড্র করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে ভারতের জন্য। তাই আসন্ন নিউ জিল্যান্ড সিরিজ়কে সামনে রেখে এখন থেকেই বিশেষ পরিকল্পনা শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তরুণ পেসার আকিব নবিকে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রঞ্জি ট্রফিতে ৬০ উইকেট নিয়ে আলোচনায় উঠে এসেছিলেন আকিব। যদিও শ্রীলঙ্কা সফরে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। বোর্ডের মতে, ইংল্যান্ডের সুইং ও পেস সহায়ক পরিবেশে কয়েকটি লাল বলের ম্যাচ খেললে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা আরও বাড়বে, যা ভবিষ্যতে জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। জানা গিয়েছে, কাউন্টি দল সারের হয়ে খেলতে পারেন এই তরুণ পেসার। ইতিমধ্যেই তাঁর ভিসার প্রক্রিয়াও শুরু হয়েছে। নিউ জিল্যান্ডের চ্যালেঞ্জিং কন্ডিশনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে, তরুণ বোলাররা নিয়মিত ম্যাচ খেলে নিজেদের আরও প্রস্তুত করে তুলুক। সেই কারণেই আকিবের ইংল্যান্ড সফরকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।