এশিয়ান গেমসেও নেই অলিম্পিক্স চ্যাম্পিয়ন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক: ছন্দে ফিরছিলেন। লুসান ডায়মন্ড লিগে মরসুমের সেরা ৮৮.০৫ মিটার থ্রো করে আশার আলোও দেখিয়েছিলেন নীরজ চোপড়া। কিন্তু তার পরেই ছন্দপতন। অনুশীলনে গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় ২০২৬ মরসুমই শেষ করে দিলেন ভারতের অলিম্পিক্স চ্যাম্পিয়ন। ফলে আসন্ন এশিয়ান গেমসেও জ্যাভলিনে দেখা যাবে না তাঁকে।
শনিবার সমাজমাধ্যমে নিজের চোটের কথা জানিয়ে নীরজ বলেন, লুসানে কাঙ্ক্ষিত ছন্দ ফিরে পাওয়ার পরেই অনুশীলনের সময় গোড়ালিতে লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসক এবং দলের সঙ্গে আলোচনা করেই চলতি মরসুমের বাকি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নীরজ লিখেছেন, ‘‘অনেক দিন কঠোর পরিশ্রমের পর অবশেষে মনে হচ্ছিল, যে ছন্দটা খুঁজছিলাম সেটা ফিরে পেয়েছি। লুসানে মরসুমের সেরা থ্রো করার পরেই দুর্ভাগ্যজনক ভাবে অনুশীলনে গোড়ালির লিগামেন্টে চোট লাগে। চিকিৎসক এবং দলের সঙ্গে আলোচনা করে ঠিক করেছি, এই মরসুমে আর প্রতিযোগিতায় নামব না।’’
চোটের কারণে হতাশ হলেও দ্রুত সুস্থ হয়ে আরও শক্তিশালী ভাবে ফিরে আসাই এখন তাঁর লক্ষ্য। নীরজের কথায়, ‘‘হতাশ লাগছে, বিশেষ করে যখন মনে হচ্ছিল ছন্দের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। তবে ধাক্কা এই যাত্রারই অংশ। এখন পুরোপুরি সুস্থ হয়ে আরও শক্তিশালী ভাবে ফিরে আসাই আমার লক্ষ্য।’’
লুসানে ডায়মন্ড লিগে মাত্র ৯ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া হয়েছিল নীরজের। ৮৮.০৫ মিটার থ্রো করে দ্বিতীয় হন তিনি। শ্রীলঙ্কার রুমেশ থারঙ্গা পথিরাগে ৮৮.১৪ মিটার থ্রো করে প্রথম হন। চলতি মরসুমে লুসানের আগে মাত্র দু’টি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন নীরজ—দোহা ডায়মন্ড লিগে চতুর্থ এবং কমনওয়েলথ গেমসে দ্বিতীয়। কোনওটিতেই ৮৬ মিটারের গণ্ডি পেরোতে পারেননি।
লুসানের পারফরম্যান্সে ফর্মে ফেরার ইঙ্গিত মিলেছিল। ঠিক সেই সময়ই নতুন চোটে ফের মাঠের বাইরে নীরজ। তাঁর অনুপস্থিতি এশিয়ান গেমসে ভারতের অ্যাথলেটিক্স দলের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
ভারতীয় ক্রীড়ার অন্যতম উজ্জ্বল মুখ নীরজ। ২০২১ সালের টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে পেয়েছিলেন রুপো। এ বার লক্ষ্য একটাই—চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে আরও এক বার সেই পুরনো নীরজকে মাঠে ফেরানো।