অভিষেকের দ্রুত শুনানির আর্জি খারিজ!

দ্রুত শুনানির আর্জি খারিজ, জেলেই বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : গ্রেফতারের পর মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। সেই আবেদন খারিজ করে দিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, অভিষেক চাইলে জামিনের আবেদন করতে পারেন। তবে তাঁর জন্য আলাদা করে মামলার দ্রুত শুনানি হবে না। আদালতের নির্ধারিত তালিকা মেনেই শুনানি হবে।

সোমবার অভিষেকের হয়ে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ হয়েছে। গ্রেপ্তারের আশঙ্কায় আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু তার মধ্যেই গত ১১ অগস্ট বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে হুগলির মগরা থানার পুলিশ। বর্তমানে তিনি হুগলির জেলে বন্দি।

আইনজীবীর দাবি, মামলা বিচারাধীন থাকায় এখন জামিনের আবেদনও করা যাচ্ছে না। সামনে বাংলার ক্রিকেট দলের মূল দল নির্বাচনের বিষয়টি রয়েছে। তার আগে জামিনের বিষয়টি নিষ্পত্তি না হলে অভিষেক সমস্যায় পড়তে পারেন বলেও আদালতে জানান তিনি। যদিও সেই যুক্তিতে সাড়া দেয়নি আদালত। বিচারপতি স্পষ্ট করে দেন, অভিষেক যেহেতু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, তাই তিনি জামিনের আবেদন করতে পারেন। সেই আবেদনের শুনানি হবে নিয়ম মেনেই।

কর্নাটকের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগকারিণী পেশায় ডাক্তারির পড়ুয়া। গত ২৩ জুন মগরা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর দাবি, প্রায় সাড়ে তিন বছর অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং তাঁদের বিয়ের কথাও ঠিক হয়েছিল। একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তাঁরা। পরে সম্পর্কে অবনতি হয়।

পুলিশ পদক্ষেপ করছে না, এই অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ওই তরুণী। আদালতের নির্দেশের পরেই অভিষেককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিএনএস এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা হয়েছে।

এ দিকে, মাঠের বাইরের এই আইনি জটিলতার প্রভাব পড়তে পারে অভিষেকের ক্রিকেটজীবনেও। গত মরশুমে দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেয়েছিলেন বাংলার এই উইকেটকিপার-ব্যাটার। ঋষভ পন্থের বিকল্প হিসাবে দলে নেওয়া হলেও চারটি ম্যাচ খেলেন। আসন্ন মরশুমের জন্য বাংলার প্রাথমিক দল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। তাতে জায়গা হয়নি অভিষেকের। দ্রুত শুনানির আর্জি খারিজ হওয়ায় তাঁর ক্রিকেটজীবনের অনিশ্চয়তা আরও বাড়ল।