এশিয়া কাপ জয়ের পর ভারতীকে নিয়ে মুখ খুললেন বাবা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : দুবাইয়ে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টম বার মহিলা এশিয়া কাপ জিতেছে ভারত। গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকে হরমনপ্রীত কউরের দল বুঝিয়ে দিয়েছে, কেন তারা এ বারের অন্যতম সেরা দল। এ বার সামনে এশিয়ান গেমস। জাপানে সেই সাফল্যের ধারা বজায় রেখে সোনা জয়ের ব্যাপারে আশাবাদী ভারতীয় ক্রিকেটার ভারতী ফুলমালির বাবা শ্রীকৃষ্ণ ফুলমালি।
এশিয়া কাপ ফাইনালে ভারতীয় দলের দুরন্ত পারফরম্যান্সের প্রশংসা করে শ্রীকৃষ্ণ বলেন, ‘‘ভারত যে ভাবে খেলেছে, তা অসাধারণ। খুব ভাল পরিকল্পনা করে মাঠে নেমেছিল দল। সেই পরিকল্পনা সফল ভাবে বাস্তবায়িতও করেছে। আশা করি, জাপানেও একই পারফরম্যান্স দেখা যাবে।’’
এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮৩/৫ রান তোলে ভারত। স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মার ১২৯ রানের রেকর্ড ওপেনিং জুটির পর ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। শ্রেয়া চরানি চারটি এবং দীপ্তি শর্মা তিনটি উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন।
তবে ফাইনালে ভারতীর ব্যাট করার সুযোগ বিশেষ হয়নি। মেয়ের ভূমিকা নিয়ে তাঁর বাবা বলেন, ‘‘ওপেনিং এবং মিডল অর্ডারে ব্যাটারেরা এত ভাল খেলেছে যে ভারতীর বেশি বল খেলার সুযোগ আসেনি। ভারতীয় দল এবং টিম ম্যানেজমেন্টের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে।’’

ভারতীর ভূমিকা মূলত ফিনিশারের। রিচা ঘোষের সঙ্গে সেই দায়িত্ব সামলানোর জন্য প্রস্তুত থাকেন তিনি। শ্রীকৃষ্ণের কথায়, ‘‘ভারতী এবং রিচা দু’জনেই ফিনিশার। ভারতী সেই দায়িত্ব পালন করতে চায়। কিন্তু দল এত ভাল খেলেছে যে ম্যাচ শেষ করার জন্য ওকে নামার সুযোগই পেতে হয়নি।’’
এ বার লক্ষ্য এশিয়ান গেমস। জাপানের পরিবেশ নতুন হলেও ভারতীয় দল মানিয়ে নিয়ে সোনা জিতবে বলেই বিশ্বাস শ্রীকৃষ্ণের। তাঁর কথায়, ‘‘জাপানে পরিবেশ একেবারেই নতুন হবে। ভারত সেখানে ক্রিকেটকে আরও জনপ্রিয় করবে। আমি আত্মবিশ্বাসী, ভারতী-সহ গোটা দল ভাল খেলবে এবং দেশের জন্য সোনার পদক নিয়ে ফিরবে।’’
এশিয়া কাপ জয়ের পর রিচা ঘোষও জানিয়েছেন, দলের প্রত্যেক ক্রিকেটারের অবদানেই এসেছে এই ট্রফি। তাঁর কথায়, ‘‘সবাই খুব ভাল খেলেছে। শেষ পর্যন্ত ট্রফিটা আমাদের—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’